জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে নিয়োগ হওয়া শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার রাজশাহী নগরের কোর্ট কলেজে শিক্ষকদের এক সমাবেশে এ দাবি জানানো হয়।
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতি আয়োজিত এ সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে নিয়োগ হওয়া শিক্ষকেরা দীর্ঘ ২১ বছরেও এমপিওভুক্ত হননি। এর ফলে মানবেতর জীবন যাপন করছেন তাঁরা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) রাজশাহী জেলা শাখার সভাপতি শফিকুর রহমান। আর প্রধান আলোচক বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির সভাপতি নেকবর হোসাইন। এ ছাড়া উপস্থিত ছিলেন মনসুর রহমান, ছাইফুল ইসলাম, লুৎফর রহমান, সাইফুল ইসলাম, রুহুল আমীন প্রমুখ। বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির রাজশাহী জেলার সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আনোয়ার করিম।
সমাবেশে জানানো হয়, শুধু রাজশাহী বিভাগেই ৫৯টি কলেজে স্নাতক কোর্স খোলা হয়েছে। এতে শিক্ষক রয়েছেন প্রায় এক হাজার, শিক্ষার্থী ৪০ হাজার। বেসরকারি কলেজে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে শিক্ষার ব্যয় অনেক বেশি। শিক্ষার্থীরা ৪ হাজার থেকে ১০ হাজার টাকা ভর্তি ফি এবং ৩০০ থেকে ৫০০ টাকা হারে মাসিক বেতন দেন। অথচ কলেজ কর্তৃপক্ষ শিক্ষকদের বেতন দেয় আড়াই হাজার থেকে সাত হাজার টাকা।
শিক্ষকনেতারা তাঁদের বক্তব্যে বলেন, ‘সরকার শিক্ষার্থীদের বেতনের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা নিয়ে সেখান থেকে আমাদের বেতন দিলে সরকারের অতিরিক্ত কোনো অর্থ খরচ হবে না। বরং শিক্ষকদের বেতন দেওয়ার পর অতিরিক্ত টাকা সরকার উন্নয়নমূলক কাজেও ব্যয় করতে পারবে।’
শিক্ষকনেতারা বলেন, সরকার ৭৫ হাজার শিক্ষকের পদ সৃষ্টি করে এমপিওভুক্তির যে উদ্যোগ নিয়েছে, সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজের শিক্ষকদেরও এমপিওভুক্তি করা হোক। এটা না হলে উচ্চশিক্ষার মানোন্নয়ন হবে না। বরং শিক্ষাক্ষেত্রে অনেক বড় বৈষম্যের সৃষ্টি হবে। শিক্ষকদের এমপিওভুক্তি না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী কলেজ থেকে শিক্ষকদের শতভাগ বেতন-ভাতা দেওয়ার অনুরোধ করেন তাঁরা।
সমাবেশ শেষে রাজশাহীর মোহনপুর ডিগ্রি কলেজের প্রভাষক আনোয়ার করিম শাহীনকে সভাপতি ও পাবনার ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজের প্রভাষক নায়েব আলীকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিভাগীয় কমিটি গঠন করা হয়।