এমপিওভুক্তির দাবি শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি ও যোগদানের দিন থেকে শিক্ষকদের চাকরির বয়স গণনার দাবিতে বিভিন্ন স্থানে গতকাল সোমবার মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে গঠিত শিক্ষক-কর্মচারী ফেডারেশন এর আয়োজন করে।

ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

ভোলা : সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক ঘণ্টা মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহে আলম প্রমুখ।

বক্তারা বলেন, সারা দেশে লক্ষাধিক নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন, যা অত্যন্ত কষ্টকর, বেদনাদায়ক ও অমানবিক। বারবার আন্দোলন করার পরও তাঁদের দাবি আদায় হচ্ছে না। ওই সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

সাতক্ষীরা : সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এতে নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। এ সময় বক্তারা চাকরিতে যোগদানের তারিখ থেকে শিক্ষকদের চাকরির বয়স গণনার দাবি জানান।

নড়াইল : বেলা ১১টার দিকে নড়াইল প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা সহসভাপতি মাকসুদুর রহমান, যুগ্ম সম্পাদক মহব্বত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পাঠদানসহ শিক্ষার্থীদের সেবা করে আসছেন নন এমপিওভুক্ত কলেজের শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায় না হলে পরিবার-পরিজন নিয়ে আমরণ কর্মসূচির ঘোষণা দেন তাঁরা।

পিরোজপুর : সকাল সাড়ে ১০টা থেকে জেলা শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে দুই শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন। মানববন্ধন শেষে বক্তব্য দেন নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এইচ এম মহিউদ্দিন, জেলা শাখার সভাপতি গিয়াস উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক কিশোর কুমার প্রমুখ।

চুয়াডাঙ্গা : সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে শিক্ষক-কর্মচারীদের সমাবেশ হয়। এতে বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. আবু সালেহ, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সভাপতি ফজলুর রহমান, কেন্দ্রীয় নেতা আহাদ আলী মোল্লা প্রমুখ। সমাবেশ শেষে বড় বাজার শহীদ হাসান চত্বরে মানববন্ধন করা হয়।