এমপিওভুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বারৈচা কলেজকে এমপিওভুক্ত করার দাবিতে ওই কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী গতকাল শনিবার ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। জেলার বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। খবর পেয়ে স্থানীয় সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আন্দোলনকারীদের দাবি পূরণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা বেলা একটার দিকে অবরোধ তুলে নেয়। বেলা দুইটার পর যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা মহাদুর্ভোগের শিকার হয়।কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ২০০০ সালে বেলাব উপজেলার বারৈচায় কলেজটি প্রতিষ্ঠা করা হয়। কলেজে বর্তমানে ৪৬০ জন শিক্ষার্থী ও ২২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। ২০০৪ সালে অনুমোদন পাওয়ার পর থেকে একটানা ভালো ফল করে আসছে কলেজটি, কিন্তু এখন পর্যন্ত এটি এমপিওভুক্ত হয়নি। তাই শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন।সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘এমপিওভুক্তির তালিকায় বারৈচা কলেজের নাম না দেখে আমি নিজেই হতাশ হয়েছি। প্রধানমন্ত্রী তাঁর শিক্ষাবিষয়ক উপদেষ্টাকে নতুন করে এমপিওভুক্তির তালিকা করার দায়িত্ব দিয়েছেন। উপদেষ্টার কাছে এই কলেজটিকে এমপিওভুক্তির আওতায় আনার সুপারিশ করা হয়েছে। আশা করছি, নতুন এমপিওভুক্তির তালিকায় বারৈচা কলেজ স্থান পাবে।’কলেজের অধ্যক্ষ একরামুল হক খান বলেন, ‘দীর্ঘ ১০ বছরেও কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় মেধাবী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ধরে রাখা যাচ্ছে না। এতে শিক্ষা কার্যক্রমে স্থবিরতার সৃষ্টি হচ্ছে। তাই ন্যায়সংগত দাবি আদায়ে বাধ্য হয়েছি রাজপথের আন্দোলনে নামতে।’