এমপিওভুক্তির দাবিতে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বীকৃতি আছে কিন্তু এমপিওভুক্ত হয়নি, এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা গতকাল সোমবার এমপিওভুক্তির দাবিতে সারা দেশে মানববন্ধন করেছেন। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন এ মানববন্ধনের আয়োজন করে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

সিরাজগঞ্জ: সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের চৌরাস্তার মোড়ে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত মানববন্ধনে ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন¡সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সহসভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, শিক্ষকনেতা মোসলেম উদ্দিন, আব্দুল মান্নান, রুবা খাতুন, রাজিয়া সুলতানা প্রমুখ। সমাবেশ শেষে শিক্ষকদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন কর্মসূচিতে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ: বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করেছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ফেডারেশনের সভাপতি জাহাঙ্গীর আলম, সহসভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক কয়েস আলী, সহসম্পাদক আব্দুর রাকিব, সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রতিশ্রুতির ঘোষণা দিলেও আজ পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় তাঁরা বিনা বেতনে দীর্ঘদিন ধরে চাকরি করছেন। এতে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন তাঁরা। তাই এ ব্যাপারে শিগগিরই স্বীকৃত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

নওগাঁ: গতকাল সোমবার শহরের মুক্তির মোড়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষকনেতারা। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের নওগাঁ জেলা কমিটির সভাপতি মায়নুল ইসলাম মানববন্ধনে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্য বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহসভাপতি আনোয়ারুল ইসলাম, শিক্ষকনেতা আব্দুস সালাম ও মামুনুল ইসলাম। মানববন্ধনে শিক্ষকনেতারা অনতিবিলম্বে স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে শিক্ষকনেতারা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ড. আমিনুর রহমানের হাতে তাঁদের দুই দফা দাবি-সংবলিত স্মারকলিপি তুলে দেন।

সংগঠনের সভাপতি মায়নুল ইসলাম জানান, গত বছর এমপিওভুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের মার্চের আগে সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার প্রতিশ্রুতি দেন। অথচ এখন পর্যন্ত তা হয়নি। এতে নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা চরম হতাশ। অনতিবিলম্বে এসব শিক্ষক ও কর্মচারীর দাবি না মানা হলে সারা দেশে আবারও আন্দোলন করা হবে বলে তিনি মন্তব্য করেন।