এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন
এমপিওভুক্তির (বেতন-ভাতা বাবদ মাসের সরকারি অংশ) দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত নয়, এমন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকার প্রায় দুই হাজার শিক্ষক-কর্মচারী অংশ নেন। এ সময় কয়েকজন শিক্ষক নেতা তাঁদের বক্তব্যে বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের অভুক্ত রেখে ডিজিটাল বাংলাদেশ সম্ভব হবে না। এ জন্য তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সব স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি জানান।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. এশারত আলী প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে আবারও অবস্থান কর্মসূচি শুরু হবে। দুপুরের পর নতুন করে কর্মসূচি ঘোষণা করা হবে।
একজন শিক্ষক নেতা বলেন, অবস্থান কর্মসূচি লাগাতার করা যায় কি না, এ বিষয়ে আলোচনা চলছে।