এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে গতকাল মঙ্গলবার রাজধানীতে দিনভর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে ও পরে শিশু পার্কের সামনের রাস্তায় এ কর্মসূচি পালন করায় তীব্র যানজটের সৃষ্টি হয়।সন্ধ্যায় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী আন্দোলনকারী দুজন শিক্ষকনেতার সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেন। সচিব তাঁদের আজ বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠক করানোর আশ্বাস দেন। পরে শিক্ষকনেতারা অবস্থান কর্মসূচিস্থলে গিয়ে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা করেন।জানতে চাইলে সংগঠনের এক নেতা তাপস কুমার কুণ্ডু প্রথম আলোকে বলেন, ‘শিক্ষাসচিব আমাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করানোর আশ্বাস দেওয়ায় অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে।’ তবে আজ আবার সকাল সাড়ে নয়টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং দুপুর ১২টায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর করণীয় ঠিক করা হবে বলে তিনি জানান।এর আগে সকালে শিক্ষকেরা জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে তাঁদের প্রতি সংহতি জানান শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাংসদ ফজলে হোসেন বাদশা ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।প্রেসক্লাবের সামনে দুপুর পর্যন্ত শিক্ষকেরা অবস্থান কর্মসূচি পালন করে পরে স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা হন। শিশু পার্কের সামনে পুলিশ বাধা দিলে সেখানেই তাঁরা অবস্থান কর্মসূচি শুরু করেন। সেখান থেকে শিক্ষকনেতাদের ডেকে পাঠান সচিব।