এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্তির (সরকারি বেতন ও ভাতার অংশ) দাবিতে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকেরা। আজ সোমবার সকাল ১০টা থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করেছেন। বিকেল পাঁচটা পর্যন্ত তা চলবে।
এমপিওভুক্ত নয়—এমন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষক এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. এশারত আলী প্রথম আলোকে বলেন, বিকেল পাঁচটার পর তাঁরা নতুন কর্মসূচি দেবেন। এই কর্মসূচি লাগাতার করা যায় কি না, এ বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।
অবস্থান কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের অভুক্ত রেখে ডিজিটাল বাংলাদেশ হবে না। তাঁরা প্রধানমন্ত্রীর কাছে সব স্বীকৃত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার আবেদন জানান।