এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন স্মারকলিপি
স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি (বেতন-ভাতার জন্য সরকারি অনুদানভুক্ত) ও যোগদানের দিন থেকে শিক্ষকদের চাকরির বয়স গণনার দাবিতে গতকাল সোমবার বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
গতকাল সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি ইমরান বিন সোলায়মান, সাধারণ সম্পাদক এরশাদুল হক খান, আওয়ামী লীগ নেতা কাজিউল ইসলাম, অলক সরকার, সাংবাদিক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
বক্তারা বলেন, দাবি পূরণে আগামী ৫ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গোলটেবিল বৈঠক ও ১১ মে জাতীয় প্রেসক্লাবে মহাসমাবেশ ডাকা হয়েছে।
নীলফামারী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় বক্তৃতা করেন সংগঠনের জেলা সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সদর উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায় প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা ও শিক্ষকদের মান উন্নয়নে বর্তমান সরকারের ব্যাপক অবদান থাকলেও সারা দেশে নন-এমপিওভুক্ত লক্ষাধিক শিক্ষক-কর্মচারী বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। এসব শিক্ষক ১০ থেকে ১৫ বছর ধরে ২০ লক্ষাধিক শিক্ষার্থীকে পাঠদান করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখছেন। দ্রুত এসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করে শিক্ষকদের বাঁচার সুযোগ সৃষ্টি করার দাবি জানান বক্তারা।