এমপিওভুক্তির নীতিমালা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য বেতনের সরকারি অংশ দেওয়ার (এমপিওভুক্তি) লক্ষ্যে গঠিত কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে প্রতিবেদন দিয়েছে। গতকাল রোববার কমিটির পক্ষ থেকে এই প্রতিবেদন দেওয়া হয়। গত ১১ জুন এই নীতিমালা প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছিল। এই নীতিমালার ভিত্তিতে বেসরকারি পর্যায়ে স্থাপিত স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্তির জন্য ছয় বছরে প্রায় সাত হাজার আবেদন জমা পড়েছে। কিন্তু বাজেট-স্বল্পতার জন্য সরকার সব আবেদন বিবেচনা করতে পারবে না। তা ছাড়া এমপিওভুক্তি নিয়ে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের বহু অভিযোগও আছে। এ জন্য সরকার একটি নীতিমালার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়। ওই কমিটির প্রধান হলেন প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ।