এমপিওভুক্তির মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ
জামালপুর সদর উপজেলায় ভুয়া কাগজপত্র দিয়ে এক শিক্ষক ও এক গ্রন্থাগারিকের এমপিওভুক্ত হওয়ার মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ করেছেন শিক্ষকেরা। গতকাল শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে তাঁরা এর প্রতিবাদ করেন।
ওই দুজন হলেন বাঁশচড়া এস বি জি মডার্ন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) নিজামুল হক ও জামালপুর উচ্চবিদ্যালয়ের গ্রন্থাগারিক মাহামুদা আক্তার।
গতকাল দুপুর ১২টার দিকে জামালপুর উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন বাঁশচড়া এস বি জি মডার্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘দুই বছর এমপিও না নেওয়ার শর্তে ২০১১ সালের সেপ্টেম্বরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাঁশচড়া এস বি জি মডার্ন উচ্চবিদ্যালয়ে অতিরিক্ত দুটি শাখা খোলার অনুমোদন দেয়। পরে নিয়ম অনুযায়ী ২০১২ সালের আগস্টে সহকারী শিক্ষক পদে নিজামুল হককে নিয়োগ দেওয়া হয়। ২০১৬ সালের ১১ আগস্ট তাঁর এমপিওভুক্তির জন্য নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন করা হয়। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। গত বৃহস্পতিবার একটি পত্রিকায় অবৈধ লেনদেনের মাধ্যমে নিজামুল হককে এমপিওভুক্ত করা হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু সর্বশেষ এমপিওভুক্তির তালিকায় তাঁর নাম নেই। ফলে ভুল তথ্যের মাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। ওই সংবাদের একটি অংশে জামালপুর উচ্চবিদ্যালয়ের গ্রন্থাগারিক মাহামুদা আক্তারের বিরুদ্ধেও একই অভিযোগ করা হয়, যা ঠিক নয়।’