এমপিওভুক্তির সুপারিশ পাঁচ হাজারের বেশি প্রতিষ্ঠানকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভুক্ত করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠকে শেষে কমিটির সদস্য আবদুল কুদ্দুস প্রথম আলোকে এই তথ্য জানান।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, দেশে সর্বমোট ২৬ হাজার ৭৬টি এমপিওভুক্ত এবং ৫ হাজার ২৪২টি এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
আবদুল কুদ্দুস বলেন, সংসদীয় কমিটি এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানকে কয়েকটি ভাগে ভাগ করতে বলেছে। এর মধ্যে ভালো ফল করা প্রতিষ্ঠান ও পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভুক্ত করতে বলেছে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধাপ্রাপ্তি দ্রুত নিশ্চিত করার সুপারিশ করেছে। এ ছাড়া ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ইংরেজি শিক্ষা পাঠদানকে আরও বেশি কার্যকর ও যুগোপযোগী করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আফছারুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সদস্য আবদুল কুদ্দুস, ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ ও সেলিনা আক্তার বানু অংশ নেন।