এমপিওভুক্তির দাবি: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো ও নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। বরাদ্দ নেই, নতুন করে এমপিওভুক্তি সম্ভব নয়—শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। 
সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে আজ বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২৯ জুলাই অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি বলেছিলেন, দেশে দীর্ঘদিন থেকে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হচ্ছে না। এ নিয়ে এলাকায় জনপ্রতিনিধিদের জবাবদিহি করতে হচ্ছে। যত দ্রুত সম্ভব কিছু শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা দরকার।
জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা খাতের বরাদ্দ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, চলতি বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ মাত্র ৫৫ কোটি টাকা বাড়ানো হয়েছে। অথচ স্থানীয় সরকার ও যোগাযোগসহ অন্যান্য খাতে হাজার হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে শিক্ষা খাতে যে বরাদ্দ আছে, তাতে নতুন করে এমপিওভুক্তি সম্ভব নয়। মন্ত্রী জানান, শিক্ষা খাতের বরাদ্দ বাড়ানোর জন্য মন্ত্রণালয় একটি প্রস্তাব তৈরি করেছে। তিনি এ বিষয়ে কমিটির সহযোগিতা কামনা করেন।
এই আলোচনার পরিপ্রেক্ষিতে আজ কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছে। এতে নেতৃত্ব দেবেন কমিটির সভাপতি আফছারুল আমীন।
জানতে চাইলে কমিটির সদস্য ছলিম উদ্দিন তরফদার প্রথম আলোকে বলেন, নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা সাড়ে ৩০০ সাংসদের দাবি। সে জন্যই কমিটি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছে।
বৈঠকে কমিটির সদস্য গোলাম মোস্তফা বলেন, অন্যান্য কমিটির সদস্যরা জ্ঞান অর্জনের জন্য বিদেশ যাচ্ছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির জন্য এ ধরনের কোনো ব্যবস্থা নেই।
এতে শিক্ষামন্ত্রী আশ্বস্ত করে বলেন, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নত দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য সাংসদ ও কমিটিসংশ্লিষ্ট কর্মকর্তাদের বিদেশ নিয়ে যাওয়া চিন্তাভাবনা আছে।
বৈঠকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে এর উপাচার্য এ কে এম নুর-উন-নবীর দেওয়া প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট প্রায় শূন্য। প্রতিষ্ঠানটির অপরিশোধিত ঋণের পরিমাণ ৫ কোটি টাকার বেশি। আগের উপাচার্যের সময়ে নিয়মবহির্ভূতভাবে ৬৭৮ জন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। যাঁরা নিয়োগ পেয়েছিলেন, তাঁদের অনেকেই উপাচার্যসহ অন্য শিক্ষকদের আত্মীয়স্বজন। প্রতিবেদনে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে।
এ বিষয়ে ছলিম উদ্দিন বলেন, রংপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কমিটির আগামী বৈঠকেও আলোচনা হবে। এরপর কমিটি প্রয়োজনীয় সুপারিশ করবে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত লেখাপড়া বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আফছারুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবীর নানক, ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ ও সেলিনা আক্তার বানু অংশ নেন।