বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশের (এমপিও) কাজ বিকেন্দ্রীকরণ হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নয়টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে এ কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক পর্যায়ে আগামী জানুয়ারি থেকে রংপুর আঞ্চলিক কার্যালয়ে এমপিওর কাজ শুরু হবে। মার্চে আরও দুটি এবং মে নাগাদ বাকি ছয়টি কার্যালয়ে এ কাজ হবে। বেসরকারি বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ এলাকার কার্যালয়ে এ কাজ করতে পারবেন। ফলে এ কাজের জন্য তাঁদের আর ঢাকায় শিক্ষা ভবনে (মাউশি) আসতে হবে না। যাতায়াত, হয়রানি, ভোগান্তির কারণে দীর্ঘদিন ধরেই এমপিওর কাজ বিকেন্দ্রীকরণের দাবি জানাচ্ছিলেন শিক্ষক-কর্মচারীরা।
মাউশির অধীনে বর্তমানে প্রায় ৩৫ হাজার বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা আছে। এগুলোর মধ্যে প্রায় ২৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত। আর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আছেন প্রায় পাঁচ লাখ। সরকারি শিক্ষক-কর্মচারী আছেন আরও প্রায় ২০ হাজার।
মাউশির নয়টি আঞ্চলিক কার্যালয় হলো ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেট।
মাউশির মহাপরিচালক ফাহিমা খাতুন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, শিক্ষক-কর্মচারীদের কষ্ট এবং শিক্ষা ভবনের চাপ কমানোর জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে এ বিষয়ে নির্দেশও দিয়েছে। তিনি জানান, নতুন এ প্রক্রিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কোনো শিক্ষকের এমপিওভুক্তির জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করবেন। তিনি পাঠাবেন জেলা শিক্ষা কর্মকর্তার কাছে। সেটি যাচাই-বাছাই করে জেলা শিক্ষা কর্মকর্তা পাঠাবেন আঞ্চলিক উপপরিচালকের (ডিডি) কাছে। ডিডি এমপিও চূড়ান্ত করবেন। পরে তা মাউশির কেন্দ্রীয় তথ্যভান্ডারে (ইএমআইএস সেল) পাঠাবেন। বিষয়টি তদারক করবেন মাউশির পরিচালক (মাধ্যমিক), মহাপরিচালক ও শিক্ষাসচিব।
ফাহিমা খাতুন জানান, অনলাইনে এ কাজ করার জন্য সফটওয়্যার ব্যবহার করা হবে। সেখানে শিক্ষকদের তথ্য থাকবে। তাতে সহজেই কোনো আবেদন যাচাই করা যাবে। তিনি বলেন, এমপিওর কাজ বিকেন্দ্রীকরণের পরিকল্পনা আগেই ছিল। পরীক্ষামূলকভাবে খুলনা আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে এ কাজ করার সিদ্ধান্ত হলেও মামলার কারণে সম্ভব হয়নি। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত মাধ্যমিক শিক্ষা উন্নয়নসংক্রান্ত সেসিপ কর্মসূচিরও অন্যতম শর্ত হলো এমপিও অনুমোদনের ক্ষমতা আঞ্চলিক পর্যায়ে দেওয়া।
১৭ নভেম্বর প্রথম আলোয় ‘শিক্ষা ভবনে হয়রানিতে শিক্ষকেরা: ভোগান্তি কমাতে এমপিওর কাজের বিকেন্দ্রীকরণের দাবি’ শিরোনামে সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শিক্ষা ভবনে আসা শিক্ষক-কর্মচারীদের বড় অংশই আসেন এমপিওর কাজে। ওই প্রতিবেদনে শিক্ষা ভবনে কাজে আসা শিক্ষক-কর্মচারীদের কয়েকজন জানান, নানা হয়রানির কথা।