এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে প্রতারণার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন না। কোনো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রিও অর্জন করেননি। অথচ তিনি এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসাসেবা দেওয়ার জন্য সরকার স্বীকৃত সংস্থা বিএমডিসির নিবন্ধন নিতে হয়। সেই নিবন্ধনও নেই তাঁর। বিএডিএস নামের একটি সংগঠেনর নিবন্ধন রয়েছে তাঁর। তবে ওই নিবন্ধনের কোনো সরকারি স্বীকৃতি নেই।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারে কয়েক মাস ধরে এভাবে প্রতারণার আশ্রয় নিয়ে চিকিৎসা দিচ্ছেন শাখাওয়াত হোসেন আক্কাস নামের ওই ব্যক্তি। এ ব্যাপারে এক ব্যক্তি প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর ২ মে শাখাওয়াতকে তাঁর নামের আগে চিকিৎসক পদবি ও এমবিবিএস ডিগ্রি ব্যবহার না করতে মৌলভীবাজারের সিভিল সার্জন নির্দেশও দেন। কিন্তু তা উপেক্ষা করে তিনি নিয়মিত রোগী দেখছেন। শাখাওয়াতের বাড়ি উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই গ্রামে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার বড় ধামাই গ্রামের নোমান আহমদ সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে শাখাওয়াত হোসেনের চেম্বারে দেখাতে যান। এ সময় শাখাওয়াত তাঁকে কিছু ওষুধের নাম লিখে ব্যবস্থাপত্র দেন। কিন্তু তাতে তাঁর রোগ সারেনি। শাখাওয়াত তাঁর ব্যবস্থাপত্রে এমবিবিএস (এএম) ডিগ্রি ও সরকারি নিবন্ধন নম্বর এস ৯১৮৫ উল্লেখ করেন। পরে নোমান স্থানীয় কয়েকজন সরকারি চিকিৎসকের সঙ্গে আলাপ করে জানতে পারেন শাখাওয়াত কোনো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেননি। এমনকি ব্যবস্থাপত্রে উল্লিখিত নিবন্ধন নম্বরটিও ভুয়া। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ২৪ এপ্রিল নোমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে (ইউএনও) লিখিত অভিযোগ দেন। এর অনুলিপি মৌলভীবাজারের সিভিল সার্জনকে দেওয়া হয়। সিভিল সার্জন চিঠি পেয়ে শাখাওয়াতকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ২ মে তাঁর কার্যালয়ে যেতে বলেন।
এ বিষয়ে শাখাওয়াত বলেন, তিনি ১৯৯১ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি ও ১৯৯৪ সালে মানবিক বিভাগে এইচএসসি পাস করেন। এমবিবিএস ডিগ্রি অর্জন করেন ২০০৩ সালে। এমবিবিএসে ভর্তি হতে এসএসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থাকার নিয়মের কথা তুলে ধরলে তিনি দাবি করেন, ‘অলটারনেটিভ মেডিসিন (এএম)’ বিষয়ে পড়তে এ ধরনের কোনো যোগ্যতা লাগে না। এমবিবিএস (এএম) ডিগ্রি অর্জন সম্পর্কে জানতে চাইলে শাখাওয়াত দাবি করেন, তিনি ভারতের কলকাতার ‘ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন’ নামের একটি প্রতিষ্ঠান থেকে এ ডিগ্রি অর্জন করেছেন।
শাখাওয়াতের দাবি নাকচ করে দিয়ে সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী বলেন, চিকিৎসাশাস্ত্রে ‘অলটারনেটিভ মেডিসিন’ বলতে কিছু নেই। এর কোনো ব্যাখ্যাও শাখাওয়াত দিতে পারেননি। এ ছাড়া এ বিষয়ে লেখাপড়া-সংক্রান্ত কোনো সনদ তিনি দেখাতে পারেননি।
সিভিল সার্জন আরও বলেন, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের আইন অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে চিকিৎসক পদবি ব্যবহার করতে পারেন না। শাখাওয়াত সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেননি। তিনি এই ডিগ্রি ব্যবহার করতে পারেন না। এটা একধরনের প্রতারণা। শাখাওয়াতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সরেজমিনে ৮ মে সকালের দিকে দেখা গেছে, কামিনীগঞ্জ বাজার এলাকায় ‘মাস্টার ফার্মেসি’ নামের একটি ওষুধের দোকানের এক পাশে শাখাওয়াত হোসেনের চেম্বার। চেম্বারের সামনে রাখা সাইনবোর্ডে ‘ডা. শাখাওয়াত হোসেন আক্কাস, এমবিবিএস (এএম)’ লেখা রয়েছে। সাইনবোর্ডে আগের নিবন্ধন নম্বর মুছে নতুন করে ‘বিএ ডিএস রেজি. নম্বর-০০৯১০৯৬’ লেখা হয়েছে।
সিভিল সার্জনের নির্দেশের পরও চিকিৎসক পদবি ও এমবিবিএস ডিগ্রি ব্যবহার প্রসঙ্গে শাখাওয়াত হোসেন বলেন, ‘সিভিল সার্জন তাঁর কথা বলেছেন। আমি তাঁর কাছে আমার বক্তব্য তুলে ধরেছি।’
বিএডিএসের নিবন্ধন সম্পর্কে জানতে চাইলে তিনি দাবি করেন, এটি ‘বাংলাদেশ অলটারনেটিভ ডক্টরস সোসাইটি’ নামের একটি সংগঠন। অলটারনেটিভ মেডিসিন বিষয়ে এমবিবিএস সম্পন্ন করা ব্যক্তিরা এই সোসাইটি থেকে নিবন্ধন নিয়েছেন। আগের নিবন্ধন সম্পর্কে তাঁর দাবি, সেটি সংগঠনের নিবন্ধন নম্বর ছিল।
তবে এ সংগঠনকে সরকার স্বীকৃতি দেয়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী।