এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার। সারা দেশে ১৮টি পরীক্ষাকেন্দ্রে ৩৭টি ভেন্যুতে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষা। চলতি বছর সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ২১২টি ও বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২২৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ৯০ হাজার ৪২৬ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ভর্তি পরীক্ষা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে যান। তবে তিনি পরীক্ষাকেন্দ্রের ভেতরে ঢোকেননি। মন্ত্রী বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ স্বচ্ছতা ও সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। চিকিৎসাশিক্ষায় মানের সঙ্গে কোনো আপস করা হবে না।
এ সময় শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসাশিক্ষা ও জনশক্তি উন্নয়ন) মো. আবদুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।