এমবিবিএস ভর্তি পরীক্ষা ২ অক্টোবর
২০১৫-১৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে ভর্তি পরীক্ষাবিষয়ক সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত সূত্রগুলো বলছে, গতকাল বেসরকারি মেডিকেল কলেজের প্রতিনিধিরা ভর্তি পরীক্ষার পাস নম্বর কমানোর অনুরোধ করেছেন। গত বছর থেকে ভর্তি পরীক্ষার পাস নম্বর ন্যূনতম ৪০ করা হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজগুলো এর বিরোধিতা করে আসছে। তারা চায় পরীক্ষায় অংশ নিলেই শিক্ষার্থীকে ভর্তির অনুমতি দিতে হবে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ বিষয়ে আগামী সপ্তাহে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
গতকালের সভায় অন্যান্যের মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুর উল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক, বিএমএর সভাপতি মাহমুদ হাসানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।