স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করার জন্য একটি চক্র তৎপরতা চালিয়েছিল। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হয়নি। পরীক্ষা ও ফলাফল নিরপেক্ষভাবে প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রী সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজের ছাত্র ভর্তি উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৫৫ হাজার ২৫৬ জন ছাত্রছাত্রী এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। সরকারি কলেজগুলোতে প্রায় তিন হাজার ৩০০ ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবে। বেসরকারি মেডিকেল কলেজগুলোর প্রতারণা অনেকাংশে কমে গেছে দাবি করে তিনি বলেন, তাদের কাজের মনিটরিং করা হচ্ছে। সাতক্ষীরা মেডিকেল কলেজে চলতি ২০১১-১২ অর্থবছরে ৫৩ জন পড়ার সুযোগ পাবে। দুটি ভাড়া বাড়িতে কলেজ শুরু করা হলেও আগামী দেড় বছরের মধ্যে নতুন ভবন নির্মাণকাজ শেষ হবে।এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ এম এম জব্বার, স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক এ কে এম সামাদ মিয়া, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ জেড আতিক, সাবেক সাংসদ মুনসুর আলী প্রমুখ।