এমবিবিএসে দ্বিতীয়বারের পরীক্ষার্থীদের ৫ নম্বর কাটা
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় আগের বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট নম্বর থেকে ৫ (পাঁচ) নম্বর কর্তন করা হবে।
এ ছাড়া পূর্ববর্তী বছরে সরকারি কলেজে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সাড়ে ৭ কর্তন করে মেধাতালিকা তৈরি করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য বিদেশি ছাত্রছাত্রীদের কোটা আগের মতো ৫০ ভাগ বহাল থাকবে। আগামী শিক্ষাবর্ষ থেকে বিডিএসের কোর্স পাঁচ বছর মেয়াদি হবে।
আজ রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আসন্ন ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তিসংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত হয়।
সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, বিসিপিএস সভাপতি কনক কান্তি বড়ুয়া, বিএমডিসি সভাপতি শহীদুল্লাহ, বিএমএ মহাসচিব ইহতেশামুল হক, কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মেডিকেল কলেজে শিক্ষকসংকট দূর করতে চিকিৎসকদের পদোন্নতি প্রক্রিয়া নিয়মিতকরণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি এ ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।
সভায় জানানো হয় মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজকে কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ হিসেবে নতুন নামকরণের প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন।