এমবিবিএসে ভর্তি স্কোর ১২০ রাখার সিদ্ধান্ত
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এমবিবিএস ও বিডিএসে ভর্তির সর্বনিম্ন স্কোর ১২০ থাকবে। আর নতুন ১২টি বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যালোচনা করা হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে নতুন স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সময়সীমা ১৫ জানুয়ারি থেকে বাড়িয়ে ৩০ জানুয়ারি করার সিদ্ধান্ত হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, চিকিৎসকদের গ্রামে রাখার ব্যাপারে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতাদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের বলেছেন, নেতারা যেন চিকিৎসকদের বদলির জন্য তদবির না করেন। মোহাম্মদ নাসিম বলেন, দেশে অবকাঠামোগত উন্নয়ন ও অন্যান্য সুযোগ-সুবিধা বেড়েছে। সরকারি অন্য কর্মকর্তারা উপজেলায় থাকতে পারলে চিকিৎসকেরা পারবেন না কেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে মন্ত্রণালয়ে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি-সংক্রান্ত কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী। বৈঠক সূত্র জানায়, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের মালিকপক্ষ ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তির সর্বনিম্ন স্কোর ১২০-এর পরিবর্তে ১০০ করার অনুরোধ জানিয়ে আসছিল। গতকালের বৈঠকে সিদ্ধান্ত হয়, সর্বনিম্ন স্কোর ১২০ থাকবে। অন্যদিকে বিগত মহাজোট সরকারের শেষ সময়ে মন্ত্রণালয় যে ১২টি নতুন মেডিকেল কলেজকে প্রাথমিক অনুমোদন দিয়েছিল, সেগুলো পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়েছে। কারণ, অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছিল। বৈঠকে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ পরিচালনা আইন তৈরি করারও সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে কলেজগুলো নীতিমালার ভিত্তিতে চলে।