এমবিবিএসের চূড়ান্ত ফল নিয়ে বিভ্রান্তি, উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজে এমবিবিএস চূড়ান্ত পর্বের পরীক্ষার ফলাফলে বিভ্রান্তির অভিযোগ উঠেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন এই পরীক্ষার ফলাফল গত সোমবার বিকেলে প্রকাশ হলে তা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। পাস করা ৬৩ জন শিক্ষার্থীর নাম ও রোলের মিল নেই। এটি জানাজানি হলে প্রকাশের দুই ঘণ্টার মধ্যেই সেই ফলাফল আবার সরিয়ে নেওয়া হয়।

ফলাফল নিয়ে এমন জটিলতার প্রতিবাদে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে গতকাল বুধবার সকালে শিক্ষার্থীরা অবস্থান নেন। পরে অধ্যক্ষ ও পুলিশ প্রশাসনের আশ্বাসে অবস্থান তুলে নেন তাঁরা। বর্তমানে কলেজে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

কলেজ সূত্রে জানা যায়, এমবিবিএস চূড়ান্ত পর্বের পরীক্ষায় অংশ নেওয়া ২১২ জন শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জন পাস করেছেন। অকৃতকার্য হন ৫৮ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৬৩ জনের নাম ও রোল নম্বরে কোনো মিল নেই। প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

বিক্ষোভে নেতৃত্বদানকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ফলাফলে ত্রুটির বিষয়টি মেনে নেওয়া যায় না। যাঁরা পাস করেছেন তাঁদেরটা ঠিক রেখে পুনরায় ফলাফল ঘোষণা করার দাবি জানিয়ে তিনি বলেন, ফলাফল ঘোষণার পর পাস করা ছাত্রছাত্রীরা পরিবারকে জানিয়েছেন। এখন আবার নতুন করে ফলাফল ঘোষণা করা হলে তাতে যদি ফেল আসে, তাহলে তাঁরা হতাশ হয়ে পড়বেন।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ অধ্যাপক অনিমেষ মজুমদার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। তারা বৃহস্পতিবারের মধ্যে সমাধান করে দিতে চেয়েছে।’

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, কলেজের পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে আছে।