এমভি অভিযান-১০ লঞ্চের অগ্নিকাণ্ড: চার জাহাজ জরিপকারক বদলি
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনার জেরে বদলি করা হলো নৌপরিবহন অধিদপ্তরের জাহাজ জরিপকারক মাহবুবুর রশিদকে।
এ ছাড়া চট্টগ্রাম, ভৈরব এবং নারায়ণগঞ্জের জাহাজ জরিপকারকদের কর্মস্থলও পরিবর্তন করা হয়েছে।
গতকাল সোমবার অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় অভিযান-১০ লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত নৌপরিবহন অধিদপ্তরের চার সদস্যের কমিটি।
আজ মঙ্গলবার নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর আবু জাফর মোহাম্মদ জালাল উদ্দীন অধিদপ্তরের পাঁচজন জাহাজ জরিপকারকের মধ্যে চারজনের দপ্তর বদলের আদেশ জারি করেন।
সদরঘাটের জাহাজ জরিপকারকের পদে চট্টগ্রামের জাহাজ জরিপকারক মো. সিরাজুল ইসলামকে বদলি করা হয়েছে। ভৈরবের জাহাজ জরিপকারক মোহাম্মদ এহতেছানুল হক ফকিরকে নারায়ণগঞ্জে বদলি করা হয়েছে। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে চাঁদপুরের জাহাজ জরিপকারকের দায়িত্বও পালন করবেন। নারায়ণগঞ্জের জাহাজ জরিপকারক মো. শাহরিয়ার হোসেনকে ভৈরবে বদলি করা হয়েছে। শুধু বরিশালে কর্মরত প্রকৌশলী ও জাহাজ জরিপকারক তাইফুর আহমেদ ভূঁইয়ার কর্মস্থল অপরিবর্তিত রয়েছে।
অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের সময়ে সদরঘাটে দায়িত্ব পালনকারী পাঁচ সরকারি কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা করেছেন বলে নাগরিকদের পক্ষ থেকে অভিযোগ করা হলেও এত দিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দৃশ্যত তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ সদরঘাটের জাহাজ জরিপকারক মাহবুবুর রশিদকে বদলি করা হলেও বাকি কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, জানা যায়নি।
নৌপরিবহন অধিদপ্তর গত ২৭ ডিসেম্বর এ ঘটনা তদন্তে অধিদপ্তরের প্রকৌশলী, জাহাজ জরিপকারক ও পরীক্ষক মো. আরাফাত হোসেনকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পরে কমিটির সময় বাড়ানো হয়। গতকাল ২৫টি সুপারিশ ও মতামতসহ প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। তবে মালিক ও মাস্টার-ড্রাইভারদের হতাহতের দায় দিলেও সরকারি কর্মকর্তাদের প্রত্যক্ষ দায় নির্ধারণ করেনি এই কমিটি।
অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌপরিবহন অধিদপ্তরের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তিন মালিক ও চার মাস্টার-ড্রাইভার। অধিদপ্তরের তদন্ত কমিটি মাস্টার-ড্রাইভারদের সঙ্গে কারাগারে গিয়ে কথা বলেছেন।