এমভি কর্ণফুলীর সাতজন নিখোঁজের ঘটনায় মামলা
পণ্যবাহী জাহাজ এমভি কর্ণফুলী-৫-এর মাস্টার ও চালকসহ সাতজন নিখোঁজ হওয়ার ঘটনায় গত শনিবার রাতে লক্ষ্মীপুরের কমলনগর থানায় মামলা হয়েছে। জাহাজটির চার্টার মালিক (ভাড়াটে মালিক) আবদুস সালাম বাদী হয়ে এ মামলা করেন।
পুলিশ জানায়, মামলায় জাহাজের গ্রিজার পারভেজ, লস্কর টিটু, শামীম, বাবুর্চি (অজ্ঞাত) ও টিটুর অতিথিকে (অজ্ঞাত) আসামি করা হয়েছে। পারভেজকে গ্রেপ্তার দেখানো হয়েছে মামলায়। ঘটনার দিন রাতে জেলেরা তাঁকে নদী থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে দেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, পারভেজকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাবুর্চি নিয়ে জাহাজের মাস্টার, চালক ও সুকানির সঙ্গে লস্কর টিটু ও শামীমের বিরোধের বিষয়টি তিনি স্বীকার করেছেন। পারভেজ জানান, টিটু ও শামীম জাহাজ থেকে দুই হাজার বস্তা সার চোরাই পথে বিক্রি করার চেষ্টা করেন। এতে মাস্টার, চালক ও সুকানি বাধা দেন। তখন টিটু, শামীম, নতুন বাবুর্চি ও টিটুর অতিথি জাহাজের মাস্টার, চালক ও সুকানিকে মারধর শুরু করেন। এটা দেখে তিনি (পারভেজ) ভয়ে নদীতে ঝাঁপ দেন।
উল্লেখ্য, এমভি কর্ণফুলী-৫ লাইটার জাহাজটি গত শুক্রবার সকাল ছয়টায় চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ৭২০ মেট্রিক টন সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ীর উদ্দেশে ছেড়ে আসে। পথে জাহাজটির সাতজন নিখোঁজ হন। তবে পারভেজ ছাড়াও মাহবুব ও জাহিদ নামের আরও দুজন উদ্ধার হয়েছেন।