এমভি হোপ দুর্ঘটনার কারণ শর্ত না মেনে পণ্যবোঝাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শর্ত না মেনে বিশেষায়িত পণ্য বোঝাইয়ের কারণে ভারসাম্যহীন হয়ে আন্দামান সাগরে দুর্ঘটনায় পড়েছিল বাংলাদেশি জাহাজ এমভি হোপ। এ জন্য নৌবাণিজ্য অধ্যাদেশ অনুযায়ী জাহাজমালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে এ-সংক্রান্ত একটি তদন্ত কমিটি।গত বুধবার নৌবাণিজ্য অধিদপ্তরের কাছে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। দুর্ঘটনার দিন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিমকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করে নৌবাণিজ্য অধিদপ্তর। নৌবাণিজ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাধারণ পণ্যবাহী জাহাজ ‘এমভি হোপে’ কাদামাটির মতো বিশেষায়িত পণ্য সিরামিকশিল্পের কাঁচামাল ‘বল ক্লে’ বোঝাই করা হয়েছিল। সাধারণ পণ্যের জাহাজে এ ধরনের পণ্য বোঝাই করতে হলে অনুমতি নিতে হয় নৌবাণিজ্য অধিদপ্তর থেকে। এই অনুমতি দেওয়া হয় পণ্যের ভারসাম্য রক্ষায় পদক্ষেপ নেওয়ার শর্ত যুক্ত করে। তখন পণ্যের কারণে দুর্ঘটনার ঝুঁকি কমে যায়।প্রসঙ্গত, মালয়েশিয়ার লুমুট বন্দর থেকে পণ্য বোঝাই করে চট্টগ্রাম বন্দরে আসার পথে গত ৪ জুলাই প্রথম প্রহরে আন্দামান সাগরে আংশিক কাত হয়ে পড়ে এমভি হোপ। এ দুর্ঘটনায় জাহাজের নয়জন নাবিককে জীবিত এবং দুজনকে মৃত উদ্ধার করা হয়। জাহাজের অপর ছয় নাবিকের এখনো সন্ধান পাওয়া যায়নি।নৌবাণিজ্য অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।তদন্ত প্রতিবেদন অনুযায়ী, জাহাজটি সাধারণ পণ্য বোঝাইয়ের জাহাজ হলেও এটিতে খোলা পণ্য বোঝাই করা হয়েছে। এ ধরনের বিশেষায়িত পণ্য বোঝাইয়ের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়, যেটি জাহাজের মালিক নেননি।প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার লুমুট বন্দরে সিরামিক শিল্পের কাঁচামাল ‘বল ক্লে’ বোঝাই করার সময় বৃষ্টি হচ্ছিল। কাদামাটির মতো বিশেষায়িত এই পণ্য বোঝাইয়ের সময় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তাই উত্তাল ঢেউয়ের কারণে কাদামাটি একদিকে সরে গেলে জাহাজটিও ৩০-৩৫ ডিগ্রি কাত হয়ে দুর্ঘটনায় পড়ে।জানা গেছে, জাহাজের মালিক ট্রেড ব্রিজ শিপিং লিমিটেড। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সামা কাদের চৌধুরী। তিনি বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই জামাল উদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী। জানতে চাইলে জাহাজমালিকের সহযোগী প্রতিষ্ঠান জে এস শিপিং লিমিটেডের ব্যবস্থাপক এস এম নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সাধারণ পণ্যের জাহাজে বল ক্লে বোঝাইয়ের অনুমতি নেওয়ার প্রয়োজন হওয়ার কথা নয়।’নৌবাণিজ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করা ক্যাপ্টেনের সিদ্ধান্ত সঠিক ছিল। কারণ জাহাজটি ডুবে না গেলেও সব ধরনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অস্বাভাবিক কাত হয়ে যায়। তবে এমভি বাক্সমুন জাহাজের উদ্ধার অভিযান সঠিক হলে আরও অনেক নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হতো বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।