এমভি হোপের দুই নাবিকের লাশ আসছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনার সাত মাস পর এমভি হোপ জাহাজের আরও দুজন নাবিকের লাশ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তাঁরা হলেন জাহাজের দ্বিতীয় প্রকৌশলী মো. নেজামউদ্দিন ও অয়েলার আলী হোসেন।
সূত্র জানায়, ডিএনএ পরীক্ষা শেষে আজ দুপুরে তাঁদের লাশ মালয়েশিয়া থেকে বিমানযোগে ঢাকায় আনা হবে।
এ প্রসঙ্গে এমভি হোপ জাহাজের ইনস্যুরেন্স কোম্পানির প্রতিনিধি ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের প্রধান নির্বাহী মহিউদ্দিন আবদুল কাদের প্রথম আলোকে জানান, আজ বৃহস্পতিবার থাই এয়ারওয়েজের একটি বিমানযোগে তাঁদের লাশ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এরপর লাশগুলো তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গত বছরের ৪ জুলাই থাইল্যান্ডের উপকূলে আন্দামান সাগরে বাংলাদেশি জাহাজ এমভি হোপ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর ২০ জুলাই মালয়েশিয়ার লংকাউই উপকূলে জেলেরা আলী হোসেন ও নেজামউদ্দিনের লাশ উদ্ধার করেন। এরপর স্থানীয় পুলিশ লাশ দুটি হিমঘরে রাখে।
ওই দুর্ঘটনায় জাহাজের ১৭ নাবিকের মধ্যে নয়জনকে জীবিত পাওয়া গেছে। লাশ পাওয়া যায় চারজনের। জাহাজের ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকারসহ চারজন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন।