এমসি কলেজ ছাত্রলীগের সাবেক নেতার আঙুল কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মোস্তাফিজুর রবের ওপর হামলা করে হাতের আঙুল কেটে নিয়েছে অস্ত্রধারীরা। গতকাল রোববার রাতে সিলেট নগরের ইবনেসিনা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। অস্ত্রধারীরা এমসি কলেজ ছাত্রশিবিরের সাবেক এক নেতার নেতৃত্বে হামলা করেছে বলে ছাত্রলীগের আহত নেতা অভিযোগ করেন।
মোস্তাফিজুর রব এমসি কলেজ ছাত্রলীগের বিগত কমিটির সহসভাপতি ছিলেন। এমসি কলেজের মাস্টার্সে অধ্যয়নের পাশাপাশি তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা পদে চাকরি করছেন।
মোস্তাফিজুরের ছোট ভাই মাসুদুল করিম জানান, সন্ধ্যা সাতটার দিকে তিনি সিলেট জিন্দাবাজার থেকে গোলাপগঞ্জে গ্রামের বাড়ি যাওয়ার পথে সোবহানীঘাটের ইবনেসিনা হাসপাতালের সামনে পৌঁছামাত্র তিনটি মোটরসাইকেলযোগে নয়জন মুখোশধারী ক্যাডার মোস্তাফিজুর রবের গতিরোধ করে হাত-পায়ে কোপায়। হামলায় নেতৃত্ব দেন এমসি কলেজ শিবিরের সাবেক সভাপতি ইয়াছিন খান।
পরে ওই নয় যুবক ইবনেসিনার সামনে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। শিবির ক্যাডারদের হামলায় মোস্তাফিজের বাঁ হাতের বৃদ্ধ আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বাঁ হাত ও পায়ের রগ কেটে ফেলার চেষ্টায় এলোপাতাড়িভাবে কোপায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত নয়টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর শরীরে অস্ত্রোপচার চলছিল।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খায়রুল বাশার জানান, রাতে মোস্তাফিজুর রব নামের একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর বাঁ হাত ও পা দিয়ে প্রচুর রক্ত ঝরছিল। তাই অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে।
সোবহানীঘাট ফাঁড়ির এসআই রবিউল ইসলাম জানান, হামলায় আহত মোস্তাফিজুরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।