এমসি কলেজ ছাত্রাবাসে ভর্তির নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমসি কলেজের পুনর্নির্মিত সেই ছাত্রাবাসে আবাসিক শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করতে নোটিশ দেওয়া হয়েছে। ছাত্রাবাসের ৪২টি ব্লকে ২৪৪ জন শিক্ষার্থী নেওয়া হবে। ছাত্রাবাসে ভর্তির নোটিশ জারির পর গতকাল মঙ্গলবার পর্যন্ত ১৫ শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে বলে কলেজ প্রশাসন সূত্র জানিয়েছে।
কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ গতকাল বলেন, পবিত্র রমজান ও ঈদের ছুটির জন্য ছাত্রাবাসে ভর্তি আবেদন আগামী ২১ জুলাই পর্যন্ত রাখা হয়েছে। ওই দিন ২৪৪ শিক্ষার্থীর ছাত্রাবাসে ভর্তির প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।
সিলেট নগরের টিলাগড় এলাকায় শিক্ষানুরাগী রাজা গিরিশ চন্দ্র রায়ের পিতামহ মুরারিচাঁদের (এমসি) নামানুসারে ১৮৯২ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। ১৯২১ সালে কলেজের পাশে নির্মিত হয় ছাত্রাবাস। ২০১২ সালের ৮ জুলাই রাতে ছাত্রশিবির-ছাত্রলীগের সংঘর্ষের জের ধরে আগুনে পোড়ানো হয় ছাত্রাবাসের তিনটি ব্লকের ৪২টি কক্ষ।
ঘটনার চার দিন পর ১২ জুলাই শিক্ষামন্ত্রী কলেজ পরিদর্শনে যান। তিনি ছাত্র থাকাকালে ১৯৬২ সালে ওই ছাত্রাবাসের প্রথম ব্লকের একটি কক্ষে থাকতেন।
পরে শিক্ষামন্ত্রীর নির্দেশে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পৌনে চার কোটি টাকা ব্যয়ে ছাত্রাবাসটি পুনর্নির্মাণ করে। ২০১৪ সালের ১৪ অক্টোবর শিক্ষামন্ত্রী ছাত্রাবাস উদ্বোধন করেছিলেন। তবে উদ্বোধনের ২০ মাস পর সম্প্রতি ছাত্রাবাস খোলার সিদ্ধান্ত হয়।