এমসি কলেজ ছাত্রাবাসের ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমসি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী উদয়েন্দু সিংহ (পলাশ) হত্যা মামলায় এমসি কলেজ ছাত্রলীগের ছাত্রাবাস শাখার সভাপতি আবদুর রহিমকে (রিপন) আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোররাতে নগরের শাপলাবাগ এলাকার একটি বাসা থেকে পুলিশ তাঁকে আটক করে। পরে উদয়েন্দু হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে রিপনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।পুলিশ জানায়, রিপন এমসি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শেষ বর্ষের ছাত্র। সম্প্রতি ছাত্রাবাসে অবৈধ সিট দখল নিয়ে ছাত্রাবাস সুপারের বাসভবনে হামলা করার ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন রিপন। পুলিশ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা হওয়ায় তদন্ত করে উদয়েন্দু খুনের মামলার এজাহারভুক্ত আসামিদের সঙ্গে রিপনের যোগাযোগ থাকার বিষয়ে নিশ্চিত হয়। গত বুধবার রাতে উদয়েন্দুর বাবা বীরেশ্বর সিংহ বাদী হয়ে হত্যা মামলা করলে পুলিশ ওই মামলার আসামি ধরতে গিয়ে রিপনকে আটক করে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত প্রথম আলোকে জানান, রিপনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ মূল আসামিদের সঙ্গে রিপনের যোগাযোগ এবং তাঁরা একই পক্ষের হওয়ায় পুলিশ মামলার সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। পরে রিপনকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান।মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহিম জানান, রিপনকে জিজ্ঞাসাবাদ করে মূল আসামি সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতে গ্রেপ্তার অভিযান চালানো হবে। অতিবাহিত হওয়ার পরও মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তাঁর পরিবার উদ্বেগ প্রকাশ করেছে। পরিবার সূত্র জানায়, ঘটনাটি রাজনৈতিক হওয়ায় আসামি গ্রেপ্তার ও ঘটনার বিচার পাওয়া নিয়ে তাঁরা বেশি উদ্বিগ্ন। উদয়েন্দুর এক আত্মীয় জানান, ঘটনাটি নিয়ে মণিপুরি সম্প্রদায়সহ আদিবাসী সংগঠনগুলোর নেতারা তৎপর হচ্ছেন।গত সোমবার সিলেট এমসি কলেজের গণিত তৃতীয় বর্ষের শিক্ষার্থী উদয়েন্দু খুন হন। এ ব্যাপারে তাঁর বাবা বীরেশ্বর সিংহ বাদী হয়ে উদয়েন্দুর সহপাঠী ছাত্রলীগের আট কর্মীর নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেন।