এমসি কলেজে ছাত্রদলকে ধাওয়া ছাত্রলীগের, মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের এমসি কলেজে গতকাল সমাবেশে ছাত্রদল জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি বলায় তাদের ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দেয় ছাত্রলীগ ।  ছবি: প্রথম আলো
সিলেটের এমসি কলেজে গতকাল সমাবেশে ছাত্রদল জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি বলায় তাদের ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দেয় ছাত্রলীগ । ছবি: প্রথম আলো

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে প্রচারণা চালানোয় সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রদলকে ধাওয়া দিয়ে বের করে দিয়েছে ছাত্রলীগ। পরে তারা লাঠি-রড উঁচিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়।
কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে ছাত্রদল গতকাল রোববার দুপুরে ক্যাম্পাসে সাংগঠনিক তৎপরতা চালায়। এ সময় তাদের ধাওয়া করে ছাত্রলীগ। এতে নেতৃত্ব দেন ছাত্রলীগের জেলা শাখা বিলুপ্ত কমিটির সভাপতি হিরন মাহমুদ। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করলেও ছাত্রলীগকে বাধা দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রদলকে বের করে দিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের দুটি পক্ষ পৃথক প্রতিবাদ সভা করে এবং জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি বলে প্রচারণা চালানোর নিন্দা জানায়। ওই দুটি সভায় নেতৃত্ব দেন হিরন মাহমুদ এবং জেলা ছাত্রলীগের বরখাস্ত হওয়া সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ। পরে তাঁরা পুলিশি পাহারায় ক্যাম্পাস ছেড়ে যান।
ক্যাম্পাস সূত্র জানায়, এমসি কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের প্রথম ক্লাস ছিল গতকাল। এ উপলক্ষে ছাত্রদল দুপুর ১২টার দিকে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে মিছিল বের করার আগে একটি সমাবেশ করে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ছাত্রদলের সমাবেশ থেকে জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে একাধিকবার উল্লেখ করা হয়। এ বক্তব্যের প্রতিবাদে রড ও লাঠি উঁচিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলকে ‘ধর ধর...’ বলে ধাওয়া করেন।
হিরন মাহমুদ দাবি করেন, ছাত্রদলের সমাবেশ থেকে বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বক্তব্য দেওয়া হয় এবং জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে ক্লাসে ক্লাসে গিয়ে নবীন শিক্ষার্থীদের কাছে প্রচারণা চালানো হয়। পরে ক্যাম্পাসে তাদের সমাবেশেও একই বক্তব্য দেওয়ায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ছাত্রদল ধাওয়ার মুখে পড়ে।
তবে এমসি কলেজ ছাত্রদলের নেতা আবদুল কাইয়ুম অভিযোগ করেন, ছাত্রলীগের বরখাস্ত হওয়া দুই নেতার নেতৃত্বে দুটি পক্ষ ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিতে সশস্ত্র অবস্থান নেয়। তারা শক্তির মহড়া দিতে গিয়ে ছাত্রদলের ওপর অযথা চড়াও হয়।
শাহ পরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে দুই দফা ধাওয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি পক্ষকে ক্যাম্পাস থেকে নিরাপদে সরিয়ে দিয়েছে।