এমসি কলেজে পোস্টার সাঁটানোয় ছাত্রলীগের মারধর, ভাঙচুর
‘ছাত্রলীগ সন্ত্রাসীদের রুখে দাঁড়াও’—এ রকম আহ্বানসংবলিত ছাত্রশিবিরের পোস্টার সাঁটানোয় সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে গতকাল রোববার সকালে চার শিক্ষার্থীকে মারধর করে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিয়েছে ছাত্রলীগ। পোস্টার সাঁটানো থাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করে কলেজের দর্শন ও পদার্থবিজ্ঞান বিভাগের দুটি শ্রেণীকক্ষ ভাঙচুর করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ছাত্রলীগ সন্ত্রাসীদের রুখে দাঁড়াও’ আহ্বানসংবলিত নতুন একটি পোস্টার গতকাল সকাল থেকে এমসি কলেজ ক্যাম্পাসে শোভা পাচ্ছিল। পোস্টার লাগানোর অভিযোগে সকালে ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি দল চার শিক্ষার্থীকে মারধর করে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেয়। পরে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগ ক্যাম্পাসে মহড়া দেয়। একপর্যায়ে কলেজের দর্শন ও পদার্থবিজ্ঞান বিভাগের দুটি শ্রেণীকক্ষে একাধিক পোস্টার লাগানো দেখে চেয়ার-টেবিল ভাঙচুর করে ছাত্রলীগ। মহড়ার নেতৃত্বে ছাত্রলীগের বহিরাগত নেতারাই ছিলেন।