এমসি কলেজের ছাত্রাবাসে আগুন দেয় ‘ছাত্রলীগের বহিরাগতরা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছাত্রলীগের বহিরাগতরা’ সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে আগুন দিয়েছে। অগ্নিসংযোগের ঘটনা তদন্তে কলেজের গঠিত কমিটির প্রতিবেদনে অগ্নিসংযোগকারীদের এভাবে চিহ্নিত করা হয়েছে। গতকাল বুধবার কলেজে ক্লাস শুরুর প্রথম দিন তদন্ত কমিটির প্রধান ও কলেজের উপাধ্যক্ষ আল-হেলাল ভূইয়া অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকারের কাছে প্রতিবেদন দাখিল করেন।অধ্যক্ষ তদন্ত প্রতিবেদন গ্রহণের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘এটি বিধি অনুযায়ী সিলগালা করে রাখা হয়েছে। একাডেমিক কাউন্সিলের বৈঠকে পর্যালোচনা করা হবে।’গত ৮ জুলাই ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের জের ধরে ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করতে কলেজ কর্তৃপক্ষ ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আরও দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। মোট ২০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক, ক্ষতিগ্রস্ত ২৩ জন শিক্ষার্থীসহ ৩৯ জনের সাক্ষ্য তুলে দেওয়া হয়েছে। পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, স্থিরচিত্র ও টেলিভিশনের ফুটেজ সন্নিবেশ করা হয়েছে। এর মধ্যে অগ্নিকাণ্ডের পর বহিরাগত ব্যক্তিদের উল্লাস প্রকাশ করে মিছিলের একাধিক চিত্রও রয়েছে। তদন্ত বিলম্বিত হওয়া প্রসঙ্গে উপাধ্যক্ষ জানান, প্রথম ১৫ দিনে কাজ শেষ না হওয়ায় আরও ১০ কার্যদিবস বাড়ানো হয়। এ সময়ের মধ্যে তদন্ত কাজ প্রায় শেষ হয়ে যায়। কিন্তু রমজান মাস, ঈদুল ফিতরের ছুটি ও কমিটির অন্য সদস্যদের কর্মব্যস্ততার কারণে গতকাল কলেজের ক্লাস শুরুর দিন প্রতিবেদন দাখিল করা হয়।তদন্ত প্রতিবেদনে বলা হয়, ‘ছাত্রলীগ-শিবির সংঘর্ষে একজন ছাত্রলীগের কর্মী গুরুতর আহত হন। এর জের ধরে ছাত্রলীগের বহিরাগতরা ছাত্রাবাসে প্রবেশ করে। এ সময় পুলিশ ছাত্রাবাসের ফটকে অবস্থান করলেও বহিরাগতদের বাধা দেয়নি। ছাত্রলীগের বহিরাগতরা ছাত্রাবাসে প্রবেশের পরপরই আগুন জ্বলে ওঠে।’ প্রতিবেদনে ‘বহিরাগত ছাত্রলীগের’ ২০ জনের নাম বিভিন্ন সাক্ষী ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে। এতে পুলিশকে দায়ী করে বলা হয়, ফটকে পুলিশ বহিরাগত ব্যক্তিদের বাধা দিলে এ অগ্নিকাণ্ড ঘটত না। এ ছাড়া ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা ব্যক্তিরা সঠিক দায়িত্ব পালন না করায় এ অগ্নিকাণ্ড ঘটে।তদন্ত প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে যাঁরা অত্যন্ত দরিদ্র, তাঁদের জন্য আপাতত বিকল্প আবাসনের ব্যবস্থা করতে কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত। এ ছাড়া যেসব ছাত্রের সনদ নষ্ট হয়ে গেছে, তাঁদের সনদ সহজে উত্তোলনের ব্যাপারে কলেজ প্রশাসনের উদ্যোগ নেওয়া দরকার।নিরাপত্তা প্রসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়, ছাত্রাবাসের চারপাশে সীমানাপ্রাচীর গড়ে তোলা প্রয়োজন, যাতে সহজে বহিরাগত ব্যক্তিরা প্রবেশ করতে না পারে এবং রাতে প্রহরীদের যথাযথ দায়িত্ব পালনে কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকা প্রয়োজন। ছাত্রাবাসের নিরাপত্তার স্বার্থে সীমানার ভেতরে গড়ে ওঠা বসতি উচ্ছেদে ব্যবস্থা নেওয়া যেতে পারে।তদন্ত প্রতিবেদনে উল্লিখিত ‘ছাত্রলীগের বহিরাগতরা’ চিহ্নিত হলো কীভাবে—এমন প্রশ্নে তদন্ত কমিটির প্রধান আল-হেলাল ভূইয়া প্রথম আলোকে বলেন, ‘তদন্ত কমিটির ছয় সদস্য একাধিকবার ৩৯ জনের সাক্ষ্য নিয়েছেন। আগুন কারা দিয়েছে, কেউ দেখেনি। তাই আমরা দায়িত্ব না নিয়ে সাক্ষী ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি প্রতিবেদনে সরাসরি উপস্থাপন করেছি।’ যোগাযোগ করলে কলেজের অধ্যক্ষ জানান, একাডেমিক কাউন্সিলের বৈঠকে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করা হবে। তবে গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত একাডেমিক কাউন্সিলের বৈঠকের দিনক্ষণ নির্ধারণ করা হয়নি।প্রগতিশীল ছাত্রজোটের স্মারকলিপি: ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনার তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনর্বাসনের দাবিতে কলেজের অধ্যক্ষ বরাবরে স্মারকলিপি পেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট এমসি কলেজ শাখা।