এমসি কলেজের পুনর্নির্মিত ছাত্রাবাসের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমসি কলেজের আগুনে পোড়ানো ছাত্রাবাস অবিকল পুরোনো কাঠামোয় পুনর্নির্মাণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পুনর্নির্মিত ছাত্রাবাসগুলো উদ্বোধন করেন। এগুলো অবিকল পুরোনো কাঠামোয় নির্মিত হওয়ায় মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী ছাত্রাবাসগুলো পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, ‘শত বছরের পুরোনো এমসি কলেজ ছাত্রাবাস ওয়ার্ল্ড হেরিটেজ (বিশ্ব ঐতিহ্য) হিসেবে পরিচিত ছিল। কিন্তু আগুনে পোড়ানোয় সেই ঐতিহ্য ভূলুণ্ঠিত হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষানুরাগীদের দাবি ছিল—পুরোনো আদলে যেন ছাত্রাবাস নির্মাণ করা হয়। আমি কথা রেখেছি। পুরোনো আদল রক্ষা করতে অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়েছে। আগের চেয়ে এগুলো আরও সুন্দর হয়েছে এখন।’
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে গত বছরের ৮ জুলাই ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের জের ধরে ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছাত্রশিবিরকে ছাত্রাবাস ছাড়া করতে ছাত্রলীগের একটি পক্ষ ছাত্রাবাসে আগুন দিয়ে ৪২টি কক্ষ পুড়িয়ে দেয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। এমসি কলেজের প্রাক্তন ছাত্র অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ হন। শিক্ষামন্ত্রী আগুনে পোড়া ছাত্রাবাস দেখে আবেগে কেঁদে ফেলেছিলেন। এমসি কলেজ ছাত্রাবাসের নির্মাণ কাঠামো ছিল আধা পাকা আসাম নকশার। কলেজ প্রশাসন ও জেলা প্রশাসনের তদন্তে ‘বহিরাগত ছাত্রলীগকে’ ছাত্রাবাসে অগ্নিসংযোগের জন্য দায়ী করা হয়েছিল। কিন্তু দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গতকাল উদ্বোধন শেষে সাংবাদিকেরা এ বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অগ্নিসংযোগকারীদের আমি শুরু থেকে দুর্বৃত্ত বলে অভিহিত করে আসছি। আমি মনে-প্রাণে চাই দুর্বৃত্তদের শাস্তি হোক। তবে এটা আমার কাজ নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কলেজের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে, তারা ব্যবস্থা নেবে। আমার প্রতিশ্রুতি ছিল শিক্ষার পরিবেশ সচল রাখা, সেটি করে দিয়েছি আমি।’
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, গত বছরের ৫ ডিসেম্বর ছাত্রাবাস পুনর্নির্মাণ ও সংস্কারকাজের উদ্বোধন করেছিলেন অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত টানা সংস্কার ও নির্মাণকাজ চলে। প্রায় ছয় মাসে সম্পূর্ণ ভস্মীভূত তিনটি ব্লক পুনর্নির্মাণ, আংশিক ক্ষতিগ্রস্ত তিনটি ব্লক এবং ছয়টি ব্লকের তত্ত্বাবধায়কের ভবন সংস্কারের কাজ করা হয়েছে।
এমসি কলেজের অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার জানান, আগের নিয়মানুযায়ী মেধার ভিত্তিতে নতুন ছাত্রদের নির্ধারিত আসন বরাদ্দ দেওয়া হবে। তবে এরই মধ্যে যাঁদের ছাত্রাবাসে থাকার মেয়াদ শেষ হয়ে গেছে, তাঁদের বরাদ্দ দেওয়া হবে না।