এমসি কলেজের সেই ছাত্রাবাসে ওঠার আবেদন শেষ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ঐতিহ্যবাহী ‘সেমিপাকা আসাম’ কাঠামোর এমসি কলেজের পুনর্নির্মাণ করা সেই ছাত্রাবাসে ওঠার আবেদন কার্যক্রম শেষ হচ্ছে আজ শনিবার। আজই বরাদ্দ দেওয়া হবে আসন। তারপর ঘোষণা করা হবে ছাত্রাবাস খোলার দিনক্ষণ।

এর আগে ৪০০ ছাত্রের আবেদন থেকে ২৪৪ জনকে ছাত্রাবাসের কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে।

শহরের টিলাগড়ে টিলাঘেরা এলাকায় এমসি কলেজের অবস্থান। শিক্ষানুরাগী রাজা গিরিশচন্দ্র রায়ের পিতামহ মুরারি চাঁদের (এমসি) নামানুসারে ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয় এই কলেজ। ১৯২১ সালে কলেজের পাশে নির্মিত হয় ছাত্রাবাস। ব্রিটিশ আমলের স্থাপত্যশৈলীর সেমিপাকা আসাম কাঠামোয় টিন, কাঠ আর আধপাকা দেয়ালে নির্মিত ছাত্রাবাসের ভবনগুলো ছিল দৃষ্টিনন্দন। কিন্তু ২০১২ সালের ৮ জুলাই রাতে ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষের জেরে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রাবাসের তিনটি ব্লকের ৪২টি কক্ষ আগুন দিয়ে পুড়িয়ে দেন। এতে আরও ৭০টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় শিক্ষানুরাগীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর পৌনে চার কোটি টাকা ব্যয়ে ছাত্রাবাসটি আগের কাঠামোয় পুনর্নির্মাণ করে। ২০১৪ সালের ১৪ অক্টোবর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছাত্রাবাস উদ্বোধন করেন। তবে গ্যাস-সংযোগ বিলম্বিত হওয়ায় প্রায় ২০ মাস পর কলেজ কর্তৃপক্ষ সম্প্রতি এটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।