এমসিকিউ অংশের নম্বর কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) ১০ নম্বর কমবে। এই ১০ নম্বর যুক্ত হবে সৃজনশীল অংশে। আর আগামী বছর থেকে সৃজনশীল অংশের পরীক্ষার আগে হবে এমসিকিউ অংশের পরীক্ষা। বর্তমানে এমসিকিউ পরীক্ষা হয় সৃজনশীলের পরে।
এ ছাড়া পাবলিক পরীক্ষার সময় কমিয়ে আনতে শুধু মৌলিক বিষয়গুলোর পরীক্ষা নিয়ে বাকি পরীক্ষার মূল্যায়ন শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। বর্তমানে প্রতিবছর এসএসসি ও এইচএসসিতে ২০ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা দেয়।
গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা বলেন। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও সভার বিস্তারিত জানানো হয়েছে।
বর্তমানে অধিকাংশ বিষয়ের প্রতিটি পত্রে মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়। এর মধ্যে ৬০ নম্বর সৃজনশীল, ৪০ নম্বর এমসিকিউ প্রশ্নে হয়। যেসব বিষয়ে ব্যবহারিক অংশ আছে, সেখানে এমসিকিউ অংশ ৩৫ নম্বরের। সভায় সিদ্ধান্ত হয়, বর্তমানে যেসব বিষয়ে ৪০ নম্বরের এমসিকিউ প্রশ্ন হয়, সেসব বিষয়ে ২০১৭ সাল থেকে ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। আর যেসব বিষয়ে ৩৫ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্র হয়, সেসব বিষয়ে ২৫ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্র হবে। এমসিকিউ থেকে যে ১০ নম্বর কমবে, তা যুক্ত হবে সৃজনশীল অংশে।
বেশ কিছুদিন ধরে এমসিকিউ অংশের নম্বর কমানোর চিন্তা-ভাবনা চলছিল। সাম্প্রতিক সময়ে এসএসসির মতো বিভিন্ন পাবলিক পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে, পরীক্ষা শুরুর আগেই এমসিকিউর প্রশ্ন কোনো কোনো জায়গায় ফাঁস হয়ে যায়। বিশেষ করে পরীক্ষার আগে যখন প্রশ্নের প্যাকেট খোলা হয়, তখনই কোনো কোনো শিক্ষক এমসিকিউ অংশের প্রশ্ন মুঠোফোনে ধারণ করে বাইরে পাঠিয়ে দেন।
এমসিকিউ অংশের পরীক্ষা পরে হয় বলে যে সময় পাওয়া যায়, সেই সময়ের মধ্যে উত্তর মিলিয়ে পরীক্ষার হলে নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর কাছে পাঠানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ রকম একাধিক ঘটনা ধরাও পড়েছে। এ ছাড়া এমসিকিউর মাধ্যমে প্রকৃত মেধা যাচাই হয় না বলেও অভিমত আছে। এসব প্রেক্ষাপটে এমসিকিউ অংশের নম্বর পর্যায়ক্রমে কমিয়ে আনার আলোচনা চলছিল।
সভায় জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিতে বর্তমানে যে দীর্ঘ দিন লাগে, তা কমানোর বিষয়েও আলোচনা হয়। এ জন্য জেএসসি ও এসএসসিতে মৌলিক বিষয়গুলোর জন্য পাবলিক পরীক্ষার ব্যবস্থা করা এবং অন্য বিষয়গুলোর শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক মূল্যায়নের ব্যবস্থা করার বিষয়ে আলোচনা হয়।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে এসএসসি পরীক্ষা শেষ হতে প্রায় দেড় মাস লাগে। এইচএসসি পরীক্ষায় লাগে ৭২ দিন। তাই পরীক্ষা পদ্ধতি উন্নত ও সংস্কার করতে হবে। ছাত্র-শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা ও কর্মশালা করে সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার জন্য পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র মুদ্রণ ও প্যাকেটজাতকরণের জন্য সরকারি মুদ্রণালয়কে (বিজি প্রেস) সম্পূর্ণভাবে অটোমেশনের আওতায় আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান এবং রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের প্রধানেরা।