এমসিসি রাজশাহী মেয়র-ডিসি তহবিলে দিল ২ লাখ টাকা

করোনাভাইরাস মোকাবেলায় প্রায় সারাদেশেই চলছে অঘোষিত লকডাউন। এ অবস্থায় কর্মহীন হয়ে বিপাকে পড়া হতদরিদ্র এবং অসহায় মানুষের কল্যাণে এগিয়ে এসেছে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি)!
গত কয়েকদিন ধরেই, এমসিসি'র সদস্যরা নিজেদের উদ্যোগে স্থাণীয় প্রায় দুই শতাধিক অসচ্ছল খেলোয়াড় ও মাঠকর্মীদের প্রত্যেককে, ১০ কেজি চাল, দুই কেজি করে আটা, ছোলা, ডাল, চিনি, তেল, পেয়াজ, এবং চার কেজি আলু, এক কেজি লবণ, ৫০০ গ্রাম লাচ্চা সেমাই ও একটি করে সাবান প্রদান করেন।
কোভিড-১৯ এর থাবায় বিশ্বজুড়ে যে মানবিক বিপর্যয় নেমে এসেছে, সেখানে কেবল মাত্র অস্বচ্ছল খেলোয়াড় বা মাঠকর্মীদের পাশে দাড়িয়েই সন্তুষ্ট থাকতে পারেননি মাস্টার্স ক্রিকেট কার্নিভাল! রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হকের আহ্বানে সাড়া দিয়ে তাদের ত্রাণ তহবিলে জমা দিয়েছেন দুই লাখ টাকা।
গত রোববার (১০ মে) সন্ধ্যায় নগর ভবনে মেয়রের হাতে অনুদানের এক লাখ টাকার চেক তুলে দেন এমসিসির আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন এবং নিম্ন আয়ের মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় এমসিসিকে আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।
এ সময় উপস্থিত ছিলেন এমসিসির যুগ্ম আহ্বায়ক মো. শেখ মামুন ডলার, সদস্য ইমতিয়াজ রহমান, কবির তুহিন, রায়হান আলম, রফিকুল ইসলাম প্রমুখ।
এর আগে বিকেলে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো. হামিদুল হকের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন খালেদ মাসুদ পাইলট।

এমসিসির আহ্বায়ক খালেদ মাসুদ পাইলট জানান, মূলত রাজশাহীর সব সাবেক ক্রিকেটারকে একছাতার নিচে আনতে ও রাজশাহীর ক্রিকেটের উন্নয়নের লক্ষ্যে এমসিসির যাত্রা শুরু হয়েছিল। দেশের এই ক্রান্তিলগ্নে আমরা ঘরে বসে থাকতে পারিনি, অসহায় মানুষগুলোর মুখ যখনই চোখের সামনে ভেসে উঠেছে, তখন নিজের অজান্তেই কেঁদে উঠেছে হৃদয়! যখন দেখেছি, দিনরাত এক করে ছুটে চলেছেন মেয়র অথবা ডিসি, তখন আর নিজেকে একটুও ধরে রাখতে পারিনি চার দেওয়ালের মাঝে! হৃদয়ের অজানা অনুভূতির ডাকে সাড়া দিয়ে, দেশের মানুষের জন্য কিছু করার লক্ষ্য নিয়ে আমরা নিজেদের অর্থায়নে শুরু করি ফান্ড গঠনের কাজ। আর সেই ফান্ড থেকেই অসচ্ছল খেলোয়াড় ও মাঠকর্মীদের পাশাপাশি হাত বাড়িয়ে দিই কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র সাধারণ মানুষের দিকেও।
মেয়র এবং ডিসির ত্রাণ তহবিলে অনুদান প্রদান প্রসঙ্গে সাবেক ক্রিকেট অধিনায়ক খালেদ মাসুদ জানান, দুর্যোগ মোকাবিলায় যেভাবে মেয়র এবং ডিসি মহোদয় দূরদর্শিতার পরিচয় দিয়ে যাচ্ছেন, তাতে আমরা কৃতজ্ঞ। আমাদের অনুদান মূলত করোনাকালীন এই যুদ্ধের সময় তাঁদের হাতটাকে আরেকটু শক্তিশালী করার প্রয়াস মাত্র!
এমসিসির এ ধরনের সামাজিক কার্যক্রম আর কত দিন চলবে, এই প্রশ্নের জবাবে খালেদ মাসুদ জানান, যত দিন দেশে করোনা তার ছোবল অব্যাহত রাখবে, তত দিনই আমরা কর্মহীন অসহায় ও হতদরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিয়ে তাঁদের হাসি ধরে রাখার জন্য কাজ করে যাব। কেবল করোনা নয়, যখনই বাংলাতে কোনো দুর্যোগ নেমে আসবে, তখনই নিজেদের সবটুকু দিয়েই, এই দেশ মাটি এবং মানুষের জন্য কাজ করে যাবে, মাস্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি)।
*লেখক: ক্রিকেটার ও কোচ, রাজশাহী