এমিলি বাহিনীর উৎপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ১৪-১৫টি গ্রামে এমিলি ডাকাত বাহিনী প্রকাশ্য উৎপাত চালাচ্ছে। ওই বাহিনীর ভয়ে লোকজন লাঠি-বাঁশি নিয়ে রাত জেগে গ্রামে পাহারা দিচ্ছেন।
এলাকার বেশ কয়েকজন জানান, এক সপ্তাহ ধরে উপজেলার বড়াইল ও আলমপুর ইউনিয়নের ১৪টি গ্রামে এমিলি বাহিনীর লোকজন রাত নয়টার পর থেকে লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করছে, হত্যা ও ডাকাতি করার হুমকি দিচ্ছে।
দেউতাহার গ্রামের শিক্ষক আশরাফ আলী বলেন, ১৩ জুলাই রাত সাড়ে নয়টার দিকে ৫০-৬০ জন ডাকাত তাঁর বাড়িতে হানা দেয়। ডাকাতেরা দরজা ভাঙতে থাকলে বাড়ির লোকজন চিৎকার শুরু করে। চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতেরা পিছু হটে।
সুলতানপুর গ্রামের নুরুল জানান, ১২ জুলাই এমিলি বাহিনীর লোকজন তাঁর বাড়িতে পরের দিন ডাকাতি করার হুমকি দেয়। পূর্বঘোষণা অনুযায়ী ১৩ জুলাই রাতে ডাকাতেরা তাঁর বাড়ি ঘেরাও করলে পুলিশ ও এলাকাবাসী তাদের ধাওয়া করে। ৩ জুলাই রাত ১১টার দিকে পুকুর পাহারা দেওয়ার সময় হিন্দা বজরবারাহী গ্রামের গোলাম রব্বানী (৩২) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়। এলাকার অনেকেই ধারণা করছেন, এমিলি বাহিনীর লোকজন তাঁকে হত্যা করেছে। একই দিন গভীর রাতে দেউলা গ্রামের খায়রুলের বাড়িতে ডাকাতি হয়েছে। আলমপুর ইউপি চেয়ারম্যান গাজিউল হক বলেন, এমিলি ডাকাত বাহিনী প্রকাশ্য তাণ্ডব চালাচ্ছে।
ক্ষেতলাল থানার ওসি ইকবাল আনোয়ার বলেন, ‘বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর এলাকার পাঁচ-সাতজন নেতৃত্ব দিয়ে এমিলি বাহিনী গঠন করেছে। এই বাহিনী এখন ক্ষেতলালের কয়েকটি গ্রামে উৎপাত চালাচ্ছে। আমরা প্রতি রাতে ওই এলাকায় জনগণকে নিয়ে পাহারার ব্যবস্থা করেছি। এখন পরিস্থিতি কিছুটা ভালো।’