এর নাম ভোটকেন্দ্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জৈন্তাপুর উপজেলার ফুলবাড়ি স্যাটেলাইট কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মাঠে শামিয়ানা টানিয়ে ভোট নেওয়া হয়েছে l ছবি: প্রথম আলো
জৈন্তাপুর উপজেলার ফুলবাড়ি স্যাটেলাইট কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মাঠে শামিয়ানা টানিয়ে ভোট নেওয়া হয়েছে l ছবি: প্রথম আলো

খোলা মাঠ। সেখানে বাঁশ পুঁতে শামিয়ানা টানিয়ে তৈরি করা হয়েছে ভোটকেন্দ্র। গত কয়েক দিনের বৃষ্টিতে মেঝে কাদায় একাকার হয়ে রয়েছে। এ রকম স্যাঁতসেঁতে ভেজা পূতিগন্ধযুক্ত মেঝেতে টেবিল-চেয়ার ফেলে সারিবদ্ধভাবে বসে রয়েছেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা এবং প্রার্থীদের এজেন্টরা। ভোটাররাও এসে এমন পরিস্থিতি উপেক্ষা করে ভোট দিয়ে যাচ্ছেন।
বৃষ্টি শুরু হলেই ব্যালট-সিল নিয়ে দৌড়ে কর্মকর্তারা একটি নিরাপদ কক্ষে আশ্রয় নিচ্ছেন। ভোটাররাও দৌড়ে কোনোরকমে আশপাশের বাড়িঘরে অবস্থান নেওয়ার পাশাপাশি কেউ কেউ ছাতা সাঁটিয়ে ভোটকেন্দ্রেই দাঁড়িয়ে রইছেন। বৃষ্টি থেমে গেলে পুনরায় কর্মকর্তারা বৃষ্টিভেজা টেবিল-চেয়ার মুছে পুনরায় ভোট গ্রহণ শুরু করছেন। অন্তত বার তিনেক এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এ কারণে ওই কেন্দ্রে প্রায় পৌনে এক ঘণ্টা ভোট গ্রহণ স্থগিতও ছিল।
এ দৃশ্য ছিল তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন নির্বাচনের সিলেটের জৈন্তাপুর উপজেলার ১ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ি স্যাটেলাইট কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় (ফুলবাড়ি শিখন স্কুল) কেন্দ্রের। ফুলবাড়ি গ্রামে অবস্থিত ওই কেন্দ্রটিতে মোট ভোটার ২ হাজার ৩৩৭ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ১৭৮ এবং নারী ১ হাজার ১৫৯ জন।
ভোটকেন্দ্রটি যে বিদ্যালয়ে স্থাপিত হয়েছে, ওই বিদ্যালয়ে একজন মাত্র শিক্ষিকা রয়েছেন। সালমা বেগম নামের ওই শিক্ষিকাও পোলিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। ৭ নম্বর বুথের নৌকার এজেন্ট বিল্লাল হোসেন বলেন, ‘দৌড়ের ওপরই তো কাটিয়ে দিলাম সারা দিন। আকাশে মেঘ দেখলেই বৃষ্টি থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছি।’ একই বুথে দায়িত্বরত বিএনপির এজেন্ট সেবুল মিয়া বলেন, ‘ভারী বৃষ্টি হওয়ার কারণে কয়েকবার ভিজে জবুথবু হয়ে গেছি। দূর থেকে দেখে অনেকে এটিকে ভোটকেন্দ্র না ভেবে বিয়েবাড়ি বলেও ভ্রম করছেন।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল হাসনাত ভোটকেন্দ্রটির অনুপযুক্ত অবস্থা স্বীকার করে বলেন, ‘কেন্দ্র হিসেবে আগে থেকেই এটি গেজেটভুক্ত রয়েছে। এর আগেও একাধিকবার এখানে ভোট হয়েছে। এ কেন্দ্রটি বদলের দাবি নিয়ে স্থানীয়দের মধ্য থেকেও কোনো অনুরোধ কিংবা আবেদন জানানো হয়নি। তাই নিজে থেকে আমরা এটি বদলের সিদ্ধান্ত নিতে পারি না।’