এর পরও তিনি নিষ্ঠাবান!
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সালমা পারভীনের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ে কার্যালয়ে না আসা ও অফিস চলাকালে ফোন পেয়ে বাইরের ক্লিনিকে গিয়ে রোগী দেখার অভিযোগ উঠেছে।অবশ্য সালমা পারভীন বলেছেন, ‘মেডিকেল হাসপাতালে কাজ করার সময় নিষ্ঠার সঙ্গে কাজ করি।’ সকাল সাড়ে আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত তাঁর অফিসে থাকার কথা। গত ২৭ জুন বেলা সোয়া একটার দিকে সরেজমিনে গিয়ে সালমাকে তাঁর কক্ষে পাওয়া যায়নি। ওই কক্ষে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা জানান, সকাল সোয়া ১০টার দিকে অফিসে এসে বেলা একটার দিকে তিনি চলে গেছেন। গত ৩০ জুন বেলা ১১টার দিকে গিয়ে দেখা যায়, রোগীরা বসে আছেন কিন্তু চিকিৎসক আসেননি। অপেক্ষমান রোগী কলেজছাত্র পলাশ দাস বলেন, ‘আমি সকাল ১০টা থেকে বসে আছি তাঁকে (সালমা) দেখাব বলে। কিন্তু এখন পর্যন্ত তিনি আসেননি।’ পরে ওই রোগী জানান, সেদিন চিকিৎসক সালমা বেলা ১১টা ২৫ মিনিটে কার্যালয়ে আসেন। খোঁজ নিয়ে জানা যায়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পাশে অবস্থিত নূর ডায়াগনস্টিক সেন্টারে সালমা পারভীনের একটি চেম্বার আছে। আগে শহরের নিলটুলী এলাকায় কল্যাণ ডায়াগনস্টিক সেন্টারেও একটি চেম্বার ছিল তাঁর। কল্যাণের ব্যবস্থাপক মাসুদ হাসান খান বলেন, ‘আগে আপা বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে বসতেন। কিন্তু দেড় মাস ধরে চেম্বারটি বন্ধ রেখেছেন।’ এ ছাড়া তিনি নয়টি হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্রের রোগীদের এক্স-রে ও আলট্রাসনোগ্রামের প্রতিবেদন পর্যবেক্ষণ করেন।৪ জুলাই সকাল সাড়ে ১০টায় রোগী সেজে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-সংলগ্ন প্রভাতী প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপক মো. মঞ্জুর কাছে গিয়ে সালমা পারভীনকে দেখাতে চাইলে তিনি ওই হাসপাতালের এক্স-রে অপারেটর তোফাজ্জেলের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তোফাজ্জেল বলেন, ‘আপনি চাইলে এখনো দেখাতে পারেন। কেননা, আমরা কল করলে যেকোনো সময় সালমা পারভীন আমাদের হাসপাতালে এসে রোগী দেখে যান।’ অভিযোগ প্রসঙ্গে রেডিওলজিস্ট সালমা পারভীন বলেন, ‘আমি মূলত ফরিদপুর মেডিকেল কলেজের একজন স্টাফ। সাড়ে তিন বছর ধরে এই বিভাগে আমাকে একা কাজ করতে হয়েছে। দুই মাস ধরে আরেকজন এসেছেন। হাসপাতালে আসার আগে আমাকে মেডিকেল কলেজে অধ্যক্ষের কাছে হাজিরা দিয়ে সেখানকার কাজ করে আসতে হয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ওই সময়ে বাইরে যাই না বা বাইরের ক্লিনিকের কাজ করি না।’মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) মো. শফিকউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘সালমা পারভীনের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, এ জাতীয় অভিযোগ প্রায়ই শুনে আসছি। তবে আমি যখন রাউন্ডে যাই, তখন তাঁকে কর্মরত দেখতে পাই।’ ওই চিকিৎসকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।