এর পরও শিক্ষক জেলহাজতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিমল চন্দ্র নামের এক শিক্ষক তাঁর এক ছাত্রকে ডাস্টার দিয়ে আঘাত করেছিলেন। পরে তিনি ওই ছাত্রের বাড়িতে গিয়ে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে শিক্ষক ও ছাত্রের বাবার মধ্যে আপসও হয়। এত কিছুর পরও এ ঘটনায় ওই শিক্ষককে গ্রেপ্তার করে গত শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে। ওই শিক্ষকের ভাই মলয় কুমার সরকার অভিযোগ করেন, ‘বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু বক্কর ইউনিয়ন বিএনপির সভাপতি। স্থানীয়ভাবে ভোটের রাজনীতিতেও আমরা তাঁদের প্রতিপক্ষ। এর পাশাপাশি সভাপতি তাঁর এক আত্মীয়কে বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার জন্য কৌশলে তাঁর ভাইকে গ্রেপ্তার করিয়েছেন।’ময়দানহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান অভিযোগ করেন, বিমল চন্দ্র সরকার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। এ কারণেই তাঁকে বিদ্যালয় থেকে তাড়াতে বিএনপির স্থানীয় নেতারা কৌশল হিসেবে আপসরফা হয়ে যাওয়া একটি ঘটনাকে এভাবে সাজিয়েছেন।ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু বক্কর জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের নির্যাতন করার আগেও অভিযোগ রয়েছে। আর গ্রেপ্তার করা শিক্ষকের ভাইসহ কেউ কেউ যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা।এলাকাবাসী জানান, উপজেলার দাড়িদহ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক বিমল চন্দ্র সরকার ক্লাসে হইচই করায় ৩ এপ্রিল নবম শ্রেণীর ছাত্র আবদুল আলীমকে ডাস্টার দিয়ে আঘাত করেন। এ ঘটনায় ওই দিনই ছাত্রের বাবা বাচ্চু মণ্ডল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের কাছে শিক্ষকের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেন। ওই শিক্ষক ৩ এপ্রিল রাতেই ওই ছাত্রের বাড়ি গিয়ে বাচ্চু মণ্ডলের কাছে তাঁর ছেলেকে আঘাত করার জন্য ক্ষমা চান। ছাত্রের কাছেও দুঃখ প্রকাশ করেন। ছাত্রের বাবা বাচ্চু মণ্ডল জানান, ঘটনার রাতেই ওই শিক্ষক এসে ক্ষমা চাইলে সব কিছু আপস হয়ে যায়। পরদিন তিনি বিষয়টি ব্যবস্থাপনা কমিটির লোকজনকে জানাতে এলে তাঁর কাছ থেকে একটি কাগজে স্বাক্ষর নেওয়া হয়। কে বা কারা সেই কাগজে অভিযোগ লিখে ইউএনওর কাছে দিয়েছেন তা তিনি জানেন না। ওই দিনই ইউএনওর নির্দেশে ওই লিখিত অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করে শিবগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। ছাত্র আবদুল আলীম বলেন, ‘ক্লাসে দুষ্টামী করার কারণে স্যার ডাস্টার দিয়ে আঘাত করে। আমি অপরাধ করায় স্যার আমাকে মারতেই পারে। আমি স্যারের দ্রুত মুক্তি চাই।’শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী জানান, ইউএনও কাছে লিখিত অভিযোগ করা হয়েছে শিশু নির্যাতনের বিষয়ে। আর অভিযোগকারী এখন এসে বলছেন আপস হয়েছে। কিন্তু এর লিখিত কোনো কাগজ নেই। তাই ওই শিক্ষককে জেলহাজতে পাঠানো হয়েছে। ইউএনও লুৎফর রহমান জানান, কোনো শিশুকে মারধর করা দণ্ডনীয় অপরাধ। এ কারণে তিনি লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।