এরই নাম ছাত্রাবাস!
কংক্রিটের ছয়টি খুঁটির সবগুলোতে আগাছা জন্মেছে। দেখে বোঝার উপায় নেই, এই লতাগুল্মের ভেতরই লুকিয়ে আছে খুঁটিগুলো। শুধু তা-ই নয়, ফাটল ধরেছে কয়েকটি খুঁটিতেও।রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী কলেজ ছাত্রাবাসের চিত্র এটি। বৃষ্টি হলেই পানিতে ভিজে যায় এর প্রতিটি কক্ষ। ছাত্রাবাসের পাঁচটি কক্ষের প্রতিটির ছাদই স্যাঁতসেঁতে। সব সময় থাকে ভেজা। ভূমিকম্প নয়, ঝড় কিংবা সামান্য জোরে বাতাস হলেই ধসে পড়ার আশঙ্কায় কেঁপে ওঠে ছাত্রাবাসের বাসিন্দাদের বুক। এই ছাত্রাবাসে থেকে লেখাপড়া করছেন আদিবাসী ১০ ছাত্র। গত ১৪ সেপ্টেম্বর ছাত্রাবাসে গেলে রাঙামাটির বড়াআদমের ধনবিকাশ চাকমা ও স্বপন চাকমা বলেন, ছাত্রাবাসে পানির ব্যবস্থা নেই। গোসল করতে যেতে হয় কর্ণফুলী নদীতে। বিদ্যুতের ব্যবস্থা থাকলেও অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না। দুটি শৌচাগারের একটি প্রায় ১০ বছর ধরে ব্যবহারের অযোগ্য। অন্যটিও সুবিধাজনক নয়। তাঁরা বলেন, ছাত্রাবাসের আশপাশে হোটেল না থাকায় নিজেদের রান্না করে খেতে হচ্ছে। রান্নার জন্য আলাদা কোনো ঘর না থাকায় বারান্দায় মাটির চুলা বসিয়ে রান্না করতে হয়। চুলার কালিতে ঝুলকালি জন্মেছে ছাত্রাবাসে। দূরবর্তী বিলাইছড়ি উপজেলার লিটন চাকমা, মিলন চাকমা ও দেবজিৎ চাকমা বলেন, কাপ্তাইয়ে তাঁদের থাকার কোনো ব্যবস্থা না থাকায় তাঁরা এই ছাত্রাবাসে উঠেছেন। একই উপজেলার পুলক চাকমা, দ্রুব চাকমা ও শান্তি কুমার চাকমা বলেন, ‘এখানে এক দিনের জন্যও থাকাও কঠিন। অথচ আমরা এখানে এক বছরেরও বেশি সময় ধরে আছি।’তাঁরা বলেন, ‘যতক্ষণ কলেজে বা বাইরে কোথাও থাকি, ততক্ষণ শান্তিতে থাকি। যখনই ছাত্রাবাসে আসার কথা মনে পড়ে, তখনই মনটা বিষাদে ভরে ওঠে।’ছাত্রাবাসের ছাদে এক কোনায় ছোট্ট একটি কক্ষে থাকেন হোস্টেল সুপার মুহাম্মদ জাফর আলম। ১৪ সেপ্টেম্বর তিনি উপস্থিত না থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদের নারীসদস্য রহিমা বেগম বলেন, ১৯৯২ সালে রাঙামাটি জেলা পরিষদের তৎ কালীন চেয়ারম্যান গৌতম দেওয়ান ছাত্রাবাসটি উদ্বোধন করেন। এর পর থেকে আজ পর্যন্ত ছাত্রাবাসের কোনো সংস্কার হয়নি। জানতে চাইলে কর্ণফুলী কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী ছাত্রাবাসটির করুণ অবস্থার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, কলেজের নতুন ছাত্রাবাস করার জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি জেলা পরিষদ, রাঙামাটি জেলা প্রশাসক, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একাধিকবার লিখিত ও মৌখিক আবেদন করা হয়েছে। কিন্তু কোনো মহলই কার্যকর পদক্ষেপ নেয়নি।