এরই নাম তো সফল কূটনীতি: মতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ আজ একা নয়, শেখ হাসিনার সঙ্গে আর্তমানবতার সেবায় সারা পৃথিবী রয়েছে। আমাদের সঙ্গে কূটনীতিক সমস্যা যা–ই হোক, সেই ব্রিটেন থেকে শুরু করে জার্মানি এমনকি চীনও সাড়া দিতে উদ্যোগ গ্রহণ করেছে। এরই নাম তো সফল কূটনীতি। আত্মমর্যাদা বজায় রেখে কীভাবে মানবতার সেবা করা যায়, সারা বিশ্বকে শেখ হাসিনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার সময় শেরপুরে নালিতাবাড়ী পৌর শহরের গোপাল জিউর মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনকালে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী রোহিঙ্গাদের প্রসঙ্গে বলেছেন, ‘সংকট বলব না, আমি বলব এটা একটা সমস্যা। লাখ লাখ রোহিঙ্গা তাদের জীবন বাঁচাতে আমাদের ভূখণ্ডে এসে আশ্রয় নিয়েছে। যার সংখ্যা এখন পর্যন্ত সাত লাখ ছাড়িয়ে গেছে। সারা বিশ্বের মানুষ এই রোহিঙ্গা সমস্যার সমাধান চায়। কোনো অভিনয় নয়, কোনো কৃত্রিমতা নয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দক্ষ কূটনীতি ও অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। তা সারা পৃথিবী দেখেছে। এখন শেখ হাসিনার সঙ্গে সারা পৃথিবী রয়েছে।’

বিকেলে নির্বাচনী এলাকা নকলা উপজেলা সদরের কালীমাতা মন্দির পরিদর্শনে যান কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। সেখানে তিনি বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাই বাংলাদেশের সর্বত্র শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

এ সময় কৃষিমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক (ডিসি) মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান, উপজেলা নির্বাহী (ইউএনও) তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছমতারা, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।