এরই নাম মহাসড়ক!
দেশের ব্যস্ততম কয়েকটি মহাসড়কের মধ্যে আছে ঢাকা-খুলনা, ঢাকা-বগুড়া, ঢাকা-চট্টগ্রাম ও বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক। প্রতিদিন ২৪ ঘণ্টা এই মহাসড়কগুলো দিয়ে চলাচল করে দূরপাল্লার যাত্রাবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ হাজার হাজার যানবাহন। কিন্তু স্থানে স্থানে মহাসড়কগুলোর চেহারা দেখে বোঝার উপায় নেই যে, এটি আদৌ কোনো মহাসড়ক। বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এরই মধ্যে ঝুঁকি চলাচল করছে যানবাহন। রাস্তার মাঝখানে যানবাহন অচল হয়ে পড়ে লেগে যাচ্ছে যানজট। ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা, যশোর ও ঝিনাইদহ: এই মহাসড়কের মাগুরার সীমাখালী থেকে যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ড পর্যন্ত ২২ কিলোমিটার সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। সড়কের কার্পেটিং উঠে বেরিয়ে পড়েছে ইটের খোয়া। ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে অন্তত ৩০টি স্থানে। কোনোরকমে যান চলাচলের উপযোগী রাখার জন্য সড়ক ও জনপথ বিভাগ থেকে ইটের খোয়া দিয়ে গর্তগুলো ভরাট করার উদ্যোগ নেওয়া হয়েছে। খোয়া দিয়ে যেনতেনভাবে গর্ত ভরাট করার কারণে যানবাহনের চাকার টায়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া একই মহাসড়কের যশোর শহর থেকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া-রাজঘাট পর্যন্ত সাড়ে ৩৩ কিলোমিটারের মধ্যে অন্তত ২০টি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যশোর বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আলী আকবর প্রথম আলোকে বলেন, গোটা রাস্তাজুড়ে গর্ত। পাঁচ ঘণ্টার পথ যেতে সময় লাগছে ১০ ঘণ্টা। এতে করে ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িটি খুলনা ঘুরে ওই দিনই ঢাকায় ফিরতে পারছে না। ঈদে ঘরমুখী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।ঢাকা-খুলনা মহাসড়কের ঝিনাইদহ শহর থেকে থেকে বারোবাজার মান্দারতলা পর্যন্ত অংশ সংস্কারের অভাবে যান চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই অংশের বেশির ভাগ স্থানে এখন বড় বড় গর্ত। এ ছাড়া সদর উপজেলার তেঁতুলতলা বাজার থেকে বিষয়খালী পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এখানে বড় বড় গর্তে পড়ে প্রায়ই বিকল হয়ে পড়ছে বাস-ট্রাক। গর্তের কারণে একটি যান অন্যটিকে পাশ কাটানোর জায়গা দিতে পারছে না। ফলে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট। ঢাকা-বগুড়া মহাসড়ক: টানা বৃষ্টির কারণে এই মহাসড়কের অনেক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা অংশে, শেরপুরের মির্জাপুর ও ছোনকাসহ বেশ কিছু স্থানে সড়কের অবস্থা খুবই খারাপ। বড় বড় গর্তে জমে গেছে বৃষ্টির পানি। চলাচল করতে গিয়ে প্রায়ই অকেজো হয়ে পড়ছে যানবাহন।আবদুল আলীম নামের এক কাঁচামাল ব্যবসায়ী বলেন, গত শনিবার রাতে মাঝিরা থেকে ট্রাকে করে ঢাকায় লালশাক নেওয়ার পথে বি-ব্লক নামের স্থানে ট্রাকটি গর্তে দেবে যায়। ফলে ট্রাকটি অকেজো হয়ে পড়ে। রাতে আর কোনো ট্রাক ভাড়া না পাওয়ায় প্রায় ২৯ হাজার টাকার লালশাক পচে যায়।সওজের বগুড়ার উপবিভাগীয় প্রকৌশলী হামিদুল হক বলেন, ‘বৃষ্টি অব্যাহত থাকলে মহাসড়কের অবস্থা আরও খারাপ হতে পারে। তবে বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে গর্তগুলো ভরাট করার চেষ্টা করা হবে।’বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল থেকে নাটোর বনপাড়া পর্যন্ত হাটিকুমরুল-বনপড়া মহাসড়কের দূরত্ব ৫২ কিলোমিটার। এর সিরাজগঞ্জ অংশে পড়েছে ২৫ কিলোমিটার। বাকিটা নাটোরের মধ্যে।এই মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর ও সিরাজগঞ্জ অংশের শেষ নয় কিলোমিটার অংশের অবস্থা চরম খারাপ। গোলচত্বর এলাকায় প্রায় আধাকিলোমিটারজুড়ে রাস্তার বিটুমিন ঢালাই পাথরসহ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের। গত এক সপ্তাহে এখানে কমপক্ষে ১০টি বাস-ট্রাকের চাকা ফেটে গেছে। এ ছাড়া এই মহাসড়কের সিরাজগঞ্জ অংশের শেষ নয় কিলোমিটার অংশের মধ্যে খালকুলা বাজার, ৬ ও ৭ নম্বর ব্রিজের মধ্যবর্তী স্থান, মহিষলুটি ও মান্নাননগর এলাকা এবং ৯ ও ১০ নম্বর সেতুর দুই পাশসহ আরও অনেক স্থানে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের মধ্যে পড়ে এ এলাকায় প্রতিদিন উল্টে যাচ্ছে দু-তিনটি ট্রাক। ক্ষতবিক্ষত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার মহাসড়কের অবস্থা অত্যন্ত করুণ। ছোট-বড় গর্তে ক্ষতবিক্ষত হয়ে পড়েছে দেশের ব্যস্ততম এই মহাসড়ক।গতকাল বুধবার সকালে সরেজমিনে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকা, মিঠাছড়া, মিরসরাই পৌর সদর, নয়দুয়ারু, হাদি ফকিরহাট, বড় দারোগারহাট এলাকা ঘুরে দেখা দেখা গেছে, ছোট-বড় অসংখ্য গর্ত এড়িয়ে ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন। এ কারণে মাঝেমধ্যেই লাগছে যানজট।জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের মিরসরাই অংশে কাজ পাওয়া রেজা কনস্ট্রাকশন ও সিনে-হাইড্রো কোম্পানি বর্ষায় সড়কের দূরবস্থার কথা চিন্তা করে দুই মাস আগে বারইয়ারহাট থেকে বড় দারোগারহাট পর্যন্ত সড়কে কার্পেটিং করে। কিন্তু গত এক মাস আগে দুই দিনের বৃষ্টিতে কার্পেটিং উঠে গিয়ে সড়কের ভালো স্থানগুলোতেও ক্ষতের সৃষ্টি হয়।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাইক্রোবাসচালক আমীর হোসেন বলেন, ‘সড়কের অবস্থা এমন যে, গাড়ি নিয়ে একবার এলে দ্বিতীয়বার আর যেতে ইচ্ছা করে না। কিন্তু পেটের দায়ে গাড়ি না চালিয়ে উপায় নেই।’চার লেন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক স্বপন কুমার নাথ, ঈদের আগে মহাসড়কে যাতে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারে, সেই চেষ্টা করা হচ্ছে। [প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন, এনামুল হক, সিরাজগঞ্জ; আজাদ রহমান, ঝিনাইদহ; মিলন রহমান, বগুড়া; মনিরুল ইসলাম, যশোর ও শারফুদ্দীন কাশ্মীর, মিরসরাই (চট্টগ্রাম)]