এরশাদ এবার বললেন, তিনি 'উভয়সংকটে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ এবার বলেছেন, তিনি উভয়সংকটে আছেন। কারণ, মহাজোটে থেকে নির্বাচন করলে লোকে তাঁকে বেইমান বলবে। আর নির্বাচন না করলে কী হবে, তা জানেন না। তবে তিনি এও বলেছেন, ‘নির্বাচনের মাধ্যমে সরকারকে পরাজিত করে ক্ষমতায় আসা একটা পথ। আমরা নির্বাচন করব।’

গতকাল শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব সংহতির সম্মেলনে ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক এরশাদ এসব কথা বলেন। এর আগে বেশ কিছুদিন ধরে এরশাদ জোরের সঙ্গে বলে আসছিলেন, প্রধান বিরোধী দল নির্বাচনে না গেলে, সে নির্বাচনে তাঁর দল অংশ নেবে না।

একতরফা নির্বাচনে গেলে মানুষ তাঁর মুখে থুতু দেবে। সর্বশেষ গত বৃহস্পতিবারও তিনি বলেছিলেন, ‘আমি ঘোষণা করছি, এবার আমরা কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহূত হব না। সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাব না।’ কিন্তু গতকালের বক্তব্যে এরশাদ আগের অবস্থান থেকে সরে আসার একটা আভাস দিয়েছেন। তিনি বলেন, ‘যদি নির্বাচন না করি তবে পরবর্তী সরকার কীভাবে আসবে, এটা একটা বিরাট প্রশ্ন। কী হবে জানি না। যেখানে যাই লোকে বলে, দুই মহিলাকে চাই না, আপনাকে ভোট দেব। আমি কী বোঝা যে বহন করছি, তা জানি না। পথ হারিয়ে ফেলেছি। দিশেহারা হয়ে পড়েছি। মানুষ মুক্তি চায়।’

এরশাদ বলেন, ‘ক্ষমতা হস্তান্তর হয় তিনভাবে। নির্বাচন, সশস্ত্র সংগ্রাম ও মিলিটারি ক্যুর মাধ্যমে। বঙ্গবন্ধুকে সেনাসদস্যরা হত্যা করেছিল। মোশতাককে সেনাসদস্যরা উৎখাত করেছিল। সাত্তারকে সরিয়ে আমি এসেছিলাম। এরপর আর কোনো ক্যু হয়নি।’ তিনি উপস্থিত নেতা-কর্মীদের প্রশ্ন করেন, ‘আমরা কোনটা করব?’ নেতা-কর্মীরা জবাব দেন, নির্বাচনের মাধ্যমে।

এরপর এরশাদ বলেন, ‘নির্বাচনের মাধ্যমে সরকারকে পরাজিত করে ক্ষমতায় আসা একটা পথ। আমরা নির্বাচন করব। মানুষের আস্থা, ভালোবাসা নিয়ে সরকার গঠন করব। এখনো আমরা মহাজোটে আছি। মহাজোট থেকে নির্বাচন করলে লোকে বেইমান বলবে। বেইমান হয়ে মরতে চাই না। যদি নির্বাচন না করি, তাহলে সরকার কীভাবে যাবে, কীভাবে ক্ষমতা ছাড়বে, সেটা বিরাট প্রশ্ন। নির্বাচন না হলে কী হবে কে জানে। উভয়সংকট।’

জাপার চেয়ারম্যানের বক্তৃতার সময় যুব সংহতির সম্মেলনে দলের নেতা-কর্মীরা মহাজোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে এরশাদের সামনে বারবার স্লোগান দেন। কিন্তু এরশাদ ঘোষণা দেননি। তবে তিনি বলেন, ‘মহাজোটের সঙ্গে জাতীয় পার্টির সম্পর্ক ছিল আমার ভাইয়ের (জি এম কাদের) কারণে। আমার ভাই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছে। তাই আমি মহাজোটের সঙ্গে সেভাবে আর নেই। শিগগির নতুন জোট গঠন করব। প্রেস কনফারেন্স করে আমি তার ঘোষণা দেব।’

জাপার সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের বলেন, ‘বাংলাদেশে গত ২৩ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রাজতন্ত্র থেকে বড়জোর সামন্ততন্ত্রে এসেছি আমরা। প্রধান দুই দল জোরজবরদস্তি করে দেশ দখল করছে, আর গনিমতের মালের মতো ব্যবহার করছে।’

যুব সংহতির আহ্বায়ক আলমগীর শিকদারের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জাপার সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ, দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

সম্মেলনে রেজাউল ইসলাম ভূঁইয়াকে যুব সংহতির সভাপতি ও বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।