জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও তাঁর স্বামী এইচ এম এরশাদকে একই গাড়ি ব্যবহার করার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে যানজট কিছুটা হলেও কমত বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। গতকাল বুধবার সংসদের সমাপনী বক্তব্যে রওশন এরশাদের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতার বক্তব্যের আগে রওশন এরশাদ যানজটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘যানজটের কারণে আপনার ইফতার অনুষ্ঠানে যেতে পারিনি। যে যানজট ছিল, তাতে ইফতার অনুষ্ঠানে পৌঁছতে পৌঁছতে তারাবির নামাজের সময় হয়ে যেত।’
রওশন এরশাদ প্রধানমন্ত্রীকে আরও বলেন, ‘মানুষের কষ্টের শেষ নেই, তারা কীভাবে বেঁচে আছে সে বিষয়ে ধারণা নিতে রাতের বেলায় বের হয়ে দেখেন। প্রয়োজনে বোরকা পরে ছদ্মবেশে বের হন। বের হলে সঠিক চিত্র পাবেন। আপনার পাশে যাঁরা আছেন তাঁরা সঠিক কথা বলেন না। নিজের চোখে দেখা এক জিনিস, অন্যের কাছ থেকে শুনে ধারণা নেওয়া অন্য জিনিস।’
জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমরা বসে নেই। বসে থাকলে দেশ এত উন্নত হতো না। বস্তিবাসীদের সার্ভে করেছি। মাদক চোরাকারবারি ধরেছি। বিচার করছি। বস্তি পুনর্বাসন করছি। তাদেরও অবস্থার উন্নতি হচ্ছে।’
যানজট নিরসন প্রসঙ্গে শেখ হাসিনা বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, ‘মানুষের অর্থনৈতিক উন্নতি যত ঘটছে, মানুষের গাড়ি কেনার ক্ষমতা তত বাড়ছে। যেমন এরশাদ সাহেব সেদিন আমার ইফতার পার্টিতে আসলেন। আপনি আসতে পারলেন না। কিন্তু দুজন যদি একটা গাড়িতে আসতেন, তাহলে আসতে পারতেন।’
প্রধানমন্ত্রীর এই বক্তব্যে সংসদে হাসির রোল পড়ে। এ সময় রওশন এরশাদ ও এইচ এম এরশাদও হাসতে থাকেন।
শেখ হাসিনা আরও বলেন, ‘দুখানা গাড়ি যানজট বাড়ায়। একখানা গাড়ি হলে যানজট কিছুটা হলেও কমত। এভাবে সবাই যদি একটু বিবেচনা করে চলেন, তবে যানজট অনেকাংশে কমে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘১ কোটি ১৮ লাখ মানুষের চাকরি হয়েছে। এরশাদ সাহেব ব্যাংকের মালিক হয়েছেন। আমিই অনুমতি দিয়েছি। তিনি নিশ্চয়ই বেকার মানুষকে চাকরি দিয়েছেন।’