এরশাদ কাউকে ইশতেহার ঘোষণার দায়িত্ব দেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য দেলোয়ার হোসেন খান বলেছেন, এরশাদ কাউকে জাপার নির্বাচনী ইশতেহার ঘোষণার দায়িত্ব দেননি। যাঁরা ইশতেহার ঘোষণা করেছেন, তাঁরা নিজ দায়িত্বে করেছেন। দলকে নিয়ে ধূম্রজাল সৃষ্টিকারীদের ক্ষমা করা হবে না। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর খিলগাঁও চৌরাস্তায় জাপার এক প্রতিবাদ সমাবেশে দেলোয়ার হোসেন খান এ কথা বলেন। জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আটক রাখার অভিযোগ তুলে এর প্রতিবাদে ওই সমাবেশ করা হয়। জাপার ইশতেহার ঘোষণা প্রসঙ্গে জানতে চাইলে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও এরশাদের ভাই জি এম কাদের কোনো মন্তব্য করতে চাননি। তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি এরশাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। দেখা করার অনুমতি চেয়েও তিনি তা পাননি।
গতকালের সমাবেশে দেলোয়ার হোসেন খান বলেন, যে নির্বাচন বর্জন করার অপরাধে এরশাদকে আটক রাখা হয়েছে, সে নির্বাচনের ইশতেহার জাপা ঘোষণা করতে পারে না।