জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর ‘দোয়া নয়, বরং বদদোয়াই নিয়ে গেছেন’ বলে দাবি করেন হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী।
গতকাল শনিবার এক বিবৃতিতে হেফাজতের মহাসচিব এ দাবি করেন। তিনি বলেন, আল্লামা শফী মাঠে-ময়দানে যাঁরা ইসলামের পক্ষে কাজ করছেন, তাঁদের সাফল্য কামনা করে দোয়া করেছিলেন। এরশাদের বর্তমান রাজনৈতিক যে অবস্থান, তাতে এটা কখনোই তাঁর জন্য দোয়া বলা যায় না, বরং বদদোয়াই বলতে হয়।
বিবৃতিতে দাবি করা হয়, ১৭ নভেম্বর এরশাদ সৌজন্য সাক্ষাত্ করতে এলে তাঁকে হেফাজতের আমির বলেছিলেন, দেশে যে হারে ইসলাম ও মুসলমানদের ওপর একের পর এক আঘাত হানা হচ্ছে, তা কোনোভাবে মানা যায় না। তখন এরশাদ বলেছিলেন, সরকার তাঁকে জানিয়েছে যে নাস্তিকদের চাপে বর্তমান সরকার সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের ধারা বাদ দিতে বাধ্য হয়েছে। কিন্তু এরশাদ রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিতে দেননি।
জুনায়েদ বাবুনগরী বলেন, হেফাজতের অরাজনৈতিক অবস্থান দেখে এরশাদ বলেছিলেন, সমর্থন লাভের জন্য নয়, হুজুরের দোয়ার জন্য এসেছেন। দোয়ার সময় আহমদ শফী এরশাদের মনের সত্ উদ্দেশ্য কবুল এবং যাঁরা ইসলামের পক্ষে কাজ করবেন, তাঁদের সাফল্যের জন্য এবং ইসলামবিদ্বেষী ও তাঁদের দোসরদের ধ্বংসের জন্য দোয়া করেছিলেন। তিনি যে শর্তে দোয়া করেছিলেন, এরশাদের বর্তমান রাজনৈতিক ভূমিকা ও তত্পরতায় এটা তাঁর জন্য বদদোয়া হিসেবেই সাব্যস্ত হচ্ছে।