এরশাদ বললেন আ.লীগ এবার ৬০ আসন পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচ এম এরশাদ
এইচ এম এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ গতকাল বৃহস্পতিবার রাজধানীতে দলীয় এক সভায় নেতা-কর্মীদের প্রশ্ন করেন, এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল কোনটি? কর্মীরা জবাব দেন, ‘জাতীয় পার্টি।’ দ্বিতীয় প্রশ্ন ছিল, এই মুহূর্তে জনগণের কাছে সবচেয়ে ধিক্কৃত দল কোনটি? কর্মীরা বললেন, ‘আওয়ামী লীগ।’
কর্মীদের এই জবাবের পর এরশাদ বলেন, ‘আমি নামটি বলতে চাই না। আগে ৪০ পার্সেন্ট ভোট পেলেও এবার তারা ২০ পার্সেন্ট পাবে। আসন পাবে ৬০টি। আমাদের আসন এর চেয়ে অনেক বাড়বে।’ গতকাল সুন্দরবন হোটেলে জাপার সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির এক মতবিনিময় সভায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক এরশাদ এ বক্তব্য দেন।
এরশাদ নির্বাচনে মোট প্রাপ্ত ভোটের আনুপাতিক হার অনুযায়ী আসন বণ্টনপদ্ধতির দাবি জানান। তিনি বলেন, ‘নির্বাচনপদ্ধতির পরিবর্তন না করলে আমরা নির্বাচন করব না।’
আওয়ামী লীগ ও বিএনপির প্রতি ইঙ্গিত করে এরশাদ বলেন, ‘এই দুটি দলকে মানুষ আর চায় না। কিন্তু বর্তমান নির্বাচনপদ্ধতির পরিবর্তন ছাড়া ওই দুই দলের মিউজিক্যাল চেয়ার বন্ধ হবে না। তখন মানুষ প্রার্থীকে নয়, দলকে ভোট দেবে। এরপর বোঝা যাবে কে জনপ্রিয় দল।’
জাতীয় যুব সংহতির আহ্বায়ক আলমগীর সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, জিয়াউদ্দিন আহমেদ, এস এম ফয়সল চিশতী, মহাসচিব বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।