এরশাদ বাউন্ডারি মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবগঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ বলেছেন, ‘এরশাদ ওভার বাউন্ডারি মারতে গিয়ে নিজেই ক্যাচ আউট হয়েছেন। তিনি পুতুলনাচের রাজা হয়ে একেক সময় একেক ভানুমতির খেল খেলছেন।’
গতকাল শুক্রবার বিকেলে গুলশানে ঢাকা মহানগর জাতীয় পার্টির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর আহমদ এ কথা বলেন। তিনি বলেন, ‘এরশাদ দাবি করেছেন, তিনি আটক, অথচ এই আটকাবস্থায় তিনি গলফ খেলছেন। যাঁকে খুশি দল থেকে বাদ দিচ্ছেন। আবার পদোন্নতিও দিচ্ছেন।’
জাতীয় পার্টির এই নেতা এরশাদকে উদ্দেশ করে বলেন, ‘তিনি (এরশাদ) নাকি সৈনিক। তিনি জানেন কখন কী করতে হয়। কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন আমিও একজন রাজনীতিবিদ। আমিও জানি কখন কী করতে হয়। মাটিতে পা দিয়ে জনগণের মনের ভাষা বলতে পারি।’