জাতীয় পার্টির (জাপা) মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, এইচ এম এরশাদ বেঁচে থাকতে জাতীয় পার্টিতে বিকল্প কোনো নেতৃত্ব আসবে না।
আজ শুক্রবার বিকেলে জাপার চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুহুল আমিন হাওলাদার।
রুহুল আমিন হাওলাদার বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন না হলে জাতীয় পার্টি অংশ নেবে না। এ কথা বারবার বলার জন্যই তাঁকে (এরশাদ) সম্মিলিত সামরিক হাসপাতালে যেতে হয়েছে। তিনি বেঁচে থাকতে আমরা বিকল্প নেতৃত্বে কথা চিন্তাও করি না।’ তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আরও বলেন, আপনারা কোনো বিভ্রান্তিতে কান দেবেন না।
প্রার্থিতা প্রত্যাহার সম্পর্কে জাপার মহাসচিব বলেন, এখন পর্যন্ত বেশির ভাগ প্রার্থী প্রত্যাহার করেছেন বলে তিনি খবর পেয়েছেন। পটুয়াখালী-১ আসন থেকে তিনি নিজেও প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এর আগে আজ সকালে জাতীয় পার্টির মহাসচিবের ব্যবসায়িক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল আমিন হাওলাদার নেতা-কর্মীদের ক্ষোভের মুখে পড়েন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক। তবে আমি খবর পেয়েই সিএমএইচে ছুটে গিয়েছিলাম। অনেক কথা আছে, সময় এলে সব বলব। তবে আমি সততার সঙ্গে বলতে চাই, যত আঘাত আসুক, আমরা পল্লিবন্ধু নেতৃত্বে এগিয়ে যাব। তাঁর নির্দেশ আমরা পূরণ কবর। গত ২৩ বছর আমাদের ওপর জুলুম-অত্যাচার হয়েছে। আমরা এখন সবই ঐক্যবদ্ধ।’ জীবন দিয়ে হলেও রুহুল আমিন হাওলাদার পার্টির চেয়ারম্যানের বিশ্বাস ও আস্থা রাখবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এ ব্যাপারে কোনো সংশয় নেই।
সংবাদ সম্মেলনে এরশাদের ‘আটকের’ প্রতিবাদে কর্মসূচির জন্য দাবি জানাতে থাকেন নেতা-কর্মীরা। এ সময় রুহুল আমিন বলেন, ‘কর্মসূচি দেব, অপেক্ষা করেন। আমি বসে থাকব না।’
এদিকে এই সংবাদ সম্মেলন চলার সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের গুলশানের বাসা জাপার একটি অংশ বৈঠক করছে।