এরশাদ ভানুমতির খেল খেলছেন: কাজী জাফর
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ বলেছেন, ‘এরশাদ ওভার বাউন্ডারি মারতে গিয়ে নিজেই ক্যাচ আউট হয়েছেন। তিনি পুতুল নাচের রাজা হয়ে একেক সময় একেক ভানুমতির খেল খেলছেন।’ আজ শুক্রবার গুলশানে ঢাকা মহানগর জাতীয় পার্টি আয়োজিত কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর আহমদ এসব কথা বলেন।
এরশাদের জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত হয়ে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করা এই নেতা বলেন, ‘এরশাদ দাবি করেছেন তিনি আটক, অথচ এই আটকাবস্থায় তিনি গলফ খেলছেন। যাকে খুশি দল থেকে বাদ দিচ্ছেন। আবার পদোন্নতি দিচ্ছেন।’
কাজী জাফর আরও বলেন, ‘জাতীয় পার্টির ভেতরে থেকে দীর্ঘ দেড় বছর আমরা আদর্শগত সংগ্রাম করেছি। আমরা পার্টির তত্কালীন চেয়ারম্যানকে মহাজোট ছেড়ে আসার জন্য বলেছি। তিনি বলেছেন, তিনি নাকি সৈনিক। তিনি জানেন কখন কী করতে হয়। কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন আমিও একজন রাজনীতিবিদ। আমিও জানি কখন কী করতে হয়। মাটিতে পা দিয়ে জনগণের মনের ভাষা বলতে পারি।’
বিএনপি ও ১৮-দলীয় জোটের ‘গণতন্ত্র অভিযাত্রা’ সফল করার আহ্বান জানান কাজী জাফর।
এইচ এম এরশাদকে উদ্দেশ করে সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি এরশাদ সাহেবকে বহিষ্কার করতাম না। কিন্তু করতে বাধ্য হয়েছি। তিনি (এরশাদ) বলেছিলেন ‘‘সব দল অংশ না নিলে আমি নির্বাচনে যাব না। কাউকে ক্ষমতায় নিতে আমি নির্বাচন করব না। নির্বাচনে গেলে জনগণ আমার মুখে থুতু দেবে। আমাকে বেইমান বলবে।’’ এর কিছুদিন পরই তিনি ইউটার্ন নিলেন। মহাজোট ছেড়ে আবার ১০ মিনিটের মাথায় তথাকথিত মহাজোট সরকারেই যোগ দিলেন। এর ১৪ দিনের মাথায় তিনি আবার দ্বিতীয় দফায় ইউটার্ন নিলেন। বললেন “আমি নির্বাচনে যাব না।” পৃথিবীর ইতিহাসে এভাবে বারবার ইউটার্নের আর কোনো নজির নেই।’
এরশাদের পক্ষ থেকে তাঁদের করা কাউন্সিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হয়নি উল্লেখ করে নিজেদের কমিটিকে বৈধ বলে দাবি করেন কাজী জাফর। কাজী জাফর আশা প্রকাশ করে বলেন, ‘শেষ পর্যন্ত জাতীয় পার্টি একটিই থাকবে এবং আমাদের পার্টিই হবে মূল জাতীয় পার্টি।’