এরশাদ ভারতকে দায়ী করে পরে বক্তব্য প্রত্যাহার করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের এক সপ্তাহ পরও ঢাকার বাতাসে উড়ছিল নানা ষড়যন্ত্রের তত্ত্ব। কেউ কেউ এ ঘটনার হোতা হিসেবে ভারতের দিকে সন্দেহের আঙুল উঁচিয়ে ছিলেন, কারও ইঙ্গিত ছিল বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর দিকে। আবার কারও সন্দেহ ছিল জামায়াতে ইসলামীর ওপর। উইকিলিকসের ফাঁস করা ঢাকার মার্কিন দূতাবাসের দুটি তারবার্তায় এ কথা বলা হয়েছে।২০০৯ সালের ৫ ও ৯ মার্চে যুক্তরাষ্ট্রে পাঠানো তারবার্তায় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ মার্চ দাবি করেন, তাঁর সরকারকে উ ৎ খাত করতে আরও ষড়যন্ত্র চলছে। তবে তাঁর এ কথার পেছনে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ দেননি তিনি।বিদ্রোহের পর ২৮ ফেব্রুয়ারি জাতীয় পার্টির প্রধান এইচ এম এরশাদ মার্কিন কূটনীতিককে বলেন, ঘটনার নেপথ্যে ভারতের ভূমিকা আছে। তবে ৯ মার্চই এক বৈঠকে এরশাদ ওই বক্তব্য থেকে সরে গিয়ে বলেন, এ অভিযোগের পেছনে যুক্তি নেই।মরিয়ার্টি মন্তব্য করেন, সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা এরশাদের সঙ্গে এখনো সেনাবাহিনীর ভালো যোগাযোগ রয়েছে। ঘটনার সঙ্গে সম্ভবত বাইরের কারও ইন্ধন নেই মর্মে সেনা কর্মকর্তাদের মধ্যে এখনকার যে বিশ্বাস, আগের বক্তব্য (ভারতকে জড়িয়ে) থেকে এরশাদের সরে আসার সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে।ঢাকায় ভারতীয় হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টা এম সুব্বাইয়াডুর তখনকার উদ্ধৃতি দিয়ে মরিয়ার্টি বলেন, এ ঘটনার পর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা নেওয়া আওয়ামী লীগ সরকারের জন্য কঠিন হবে। পিলখানা বিদ্রোহের পর বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে এমন রাজ্যগুলোর বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ভারতের এক মন্ত্রীর পূর্বনির্ধারিত সফর বাতিল করা হয়। আঞ্চলিক নিরাপত্তা এবং ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্তের ব্যবস্থাপনার বিষয়টিও বাধাগ্রস্ত হতে পারে বলে মরিয়ার্টিকে বলেছিলেন এম সুব্বাইয়াডু।মার্কিন রাষ্ট্রদূত তারবার্তায় আরও বলেন, ‘ভারতের গণমাধ্যমে যাকে বিদ্রোহের ইন্ধনদাতা হিসেবে ইঙ্গিত দেওয়া হয়েছে, বিএনপির সেই সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী ব্যক্তিগতভাবে আমাদের বলেছেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সহযোগিতার চেষ্টা উপেক্ষা করায় খালেদা আর সরকারের সঙ্গে এ বিষয়ে কাজ করতে ইচ্ছুক নন।’